এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩১ মে
২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩১ মে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, "ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ ফলাফল ঘোষণা করবেন।"
গত ৩ ফেব্রুয়ারি এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় যা শেষ হয় গত ৬ মার্চ।
এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না। শিক্ষার্থীরা মোবাইল থেকে 'প্রি-রেজিস্ট্রেশন' করে রাখলেই ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফল পৌঁছে যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।
সারাদেশের সাড়ে ৩ হাজার পরীক্ষাকেন্দ্রে ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
দেশের ৯টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় ৮০ শতাংশই ছিলো এসএসসি পরীক্ষার্থী। বাকীদের মধ্যে মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ শতাংশ শিক্ষার্থী ও কারিগরী বোর্ডের অধীনে অংশ নেন বাকী ৭ শতাংশ শিক্ষার্থী।
