উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও মদদদাতাদের শোকজ করা হচ্ছে: ওবায়দুল কাদের
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও মদদদাতা দেড় শতাধিক ব্যক্তিকে শোকজ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৭ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সভা শেষ করে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, “উপজেলা পরিষদের নির্বাচনে যারা বিদ্রোহী ছিলেন, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। আজকে সেটা বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে দ্রুত করা যায়, সেটা আলোচনা করেছি। আগামীকাল থেকে দেড়শর মতো শোকজ নোটিশ ইস্যু হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা এমপি-মন্ত্রীরাও শোকজ পাবেন। তাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারেন।”
দলের যে নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ ও মদদ দেওয়ার অভিযোগ রয়েছে, তারা সবাই যে শোকজ পাবেন এটা নিশ্চিত করলেন দলের সাধারণ সম্পাদক।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
