ডাক পেয়েও আইপিএলে খেলা হচ্ছে না তাসকিনের
দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ খেলাকালীন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পান তাসকিন আহমেদ। ইংল্যান্ডের পেসার মার্ক উডের জায়গায় বাংলাদেশের ডানহাতি এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এ নিয়ে তাসকিন ও বিসিবির সঙ্গে যোগাযোগ করে দলটি। কিন্তু ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটিতে খেলা হচ্ছে না বাংলাদেশ পেসারের।
বাংলাদেশ দলের খেলা থাকায় তাসকিনকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ইতোমধ্যে না করে দিয়েছে বিসিবি। বিষয়টি সোমবার বিকালে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, 'আপনারা জানেন যে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটি টেস্ট আছে, একটা ওয়ানডে আছে। তো আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।'
জাতীয় দলের দায়বদ্ধতা সবার আগে জানিয়ে জালাল ইউনুস আরও বলেন, 'জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সাথে কোনো কিছুর তুলনা হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে।'
বিসিবির সিদ্ধান্ত জানার পর তাসকিন লক্ষ্ণৌকে জানিয়েছেন, তিনি খেলতে যাচ্ছেন না। জালাল ইউনুস বলেন, 'তাসকিনের সঙ্গে কথা হয়েছে। তার মতামতের থেকে আমরা তাকে বুঝিয়েছি, সে বুঝেছে এবং বিষয়টা মেনে নিয়েছে। তাসকিন তাদের জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না। সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে।'
শেষ বেলায় লক্ষ্ণৌর তাসকিনকে দলে চাওয়ার কারণ মার্ক উডের অনুপস্থিতি। আসর শুরুর আগেই ইংল্যান্ডের পেসারকে হারিয়েছে তারা। তার জায়গায় একজন পেসারকে দলে ভোড়ানোর চেষ্টায় আইপিএলের দলটি। এই জায়গায় তাসকিনকে পছন্দ ছিল তাদের। পুরো মৌসুমের জন্যই তাকে দলে চেয়েছিল লক্ষ্ণৌ। তাসকিনকে না পেয়ে এবার ভিন্ন চিন্তা করতে হচ্ছে দলটিকে।
