হাথুরুসিংহে জানেন না সৌম্যর সমস্যা কোথায়
অনেকদিন বাইরে থাকার পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। তাকে দলে নেওয়ার পেছনে কাজ করেছে জাতীয় লিগের ফর্ম। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে একজন অলরাউন্ডারের অভাব পূরণ করতেই তাকে দলে নেওয়া।
তবে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হতাশ করেছেন সৌম্য। বল হাতে ছয় ওভারে বিলিয়েছেন ৬৩ রান, ব্যাট হাতে চার বল খেলে কোনো রান না করেই ফিরে গেছেন সাজঘরে। সৌম্য সরকারের সমস্যাটা ঠিক কোন জায়গাতে, সেটি জানেন না এমনকি দলের কোচ চান্দিকা হাথুরুসিংহেও।
আগামীকাল ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে নাজমুল হাসান শান্তর দলকে। সৌম্য সরকারের ফর্মে ফেরাও জরুরি সেজন্য। তবে ঠিক কী কারণে এই বাঁহাতি অলরাউন্ডার ব্যর্থ হচ্ছেন না তা জানেন না বাংলাদেশ কোচ হাথুরুসিংহে, 'আমি ঠিক জানিনা তার কী সমস্যা। আমি কেবল একটা ম্যাচই দেখলাম। ঘরোয়া ক্রিকেটে তো ঠিকই রান করেছে।'
তবে এই ঘরোয়া ক্রিকেটে রান করার ব্যাপারটিও পুরোপুরি সঠিক নয়। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে তার গড় ছিল ২৬.৬৩। একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন। সর্বশেষ বিপিএলে গড় ছিল মাত্র ১৪.৫০।চলমান বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেছেন ৪০ রান। জাতীয় লিগে ১১ ইনিংসে চারটি হাফসেঞ্চুরিতে ৪৮.৮৮ গড়ে করেছেন ৪৩৬ রান।
সৌম্যকে দলে নেওয়ার পেছনের মূল কারণ হিসেবে তার অলরাউন্ড সামর্থ্যকেই সামনে আনলেন হাথুরুসিংহে, 'আমরা এমন একজনকে চাচ্ছিলাম যে একইসাথে বোলিং-ব্যাটিং করতে পারে। এখানে সাকিব নেই, এজন্য সৌম্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ।'
সৌম্য যে সাকিবের বিকল্প নন সেটিও মনে করালেন বাংলাদেশ কোচ, 'সাকিব যা পারে সৌম্য তা করবে সেটি আশা করছি না। আমরা আশা করছি সে বোলিং ও ব্যাটিং করতে পারবে। অলরাউন্ডার হিসেবে দুই বিভাগেই অবদান রাখবে।'
