সেমি-ফাইনালে চোখ হাথুরুসিংহের
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ধর্মশালায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে। সেখানেই প্রাথমিক লক্ষ্য হিসেবে সেমি-ফাইনালে খেলার কথা বলেছেন তিনি। তবে মূল লক্ষ্য আরো বড় বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।
যদিও তিনিই এক সাক্ষাৎকারে বলেছিলেন, যারা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন, তারা যেন ঘুম থেকে জেগে ওঠেন। এবার সরাসরি না বললেও তার বক্তব্য বলে দেয়, শিরোপা স্বপ্ন তারও আছে।
আফগানিস্তানের বিপক্ষে কিছুদিন আগেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধেই বিশ্বকাপ অভিযান শুরু হবে সাকিব আল হাসানের দলের। প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে বাংলাদেশ দলের।
আগামীকালের ম্যাচে দলের ওপেনিং জুটি কারা হবেন সেই প্রশ্নের জবাব সরাসরি দিলেন না হাথুরুসিংহে, 'আমাদের হাতে বেশ কয়েকটি অপশন আছে। আগামীকাল সকালে আমরা সবচেয়ে ভালো বুঝতে পারব যে কাদের ওপেন করা উচিত। প্রথমে ব্যাট করলে একরকম হতে পারে, পরে ব্যাট করতে সেটা ভিন্নও হতে পারে।'
এবারের বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য এবং প্রত্যাশা নিয়ে জানতে চাইলে বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানান বাংলাদেশ কোচ। তবে সেইসাথে বাস্তবতাও মনে করিয়ে দিলেন তিনি, 'আমরা তো সবাই চাই বিশ্বকাপ জিততে। কিন্তু যদি বাস্তবিক চিন্তা করি, তাহলে চার-পাঁচটি ম্যাচ জিততে পারলে দুর্দান্ত হবে। সেক্ষেত্রে সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা বাড়বে। আমাদের প্রাথমিক লক্ষ্যও এটি।'
