টানা পাঁচ ম্যাচে মেসির গোল, লিগস কাপের সেমি-ফাইনালে মায়ামি
গোল করা যেন থামাতেই পারছেন না লিওনেল মেসি। অবশ্য তাতে তার দলেরই লাভ। টানা পাঁচ ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচই খেলেছেন মেসি। সবগুলোতেই গোলের দেখা পেয়েছেন তিনি। লিগস কাপের সেমি-ফাইনালে উঠেছে মেসির দল ইন্টার মায়ামিও।
নিজেদের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির বিপক্ষে আজ শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে ইন্টার মায়ামি। ১২ মিনিটেই গোল করে দলটি। পেনাল্টি থেকে বল জালে জড়ান জোসেফ মার্তিনেজ।
৩২ মিনিটে দ্বিতীয় গোল পায় মায়ামি। এবার গোল করেন টেইলর। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মেসির দল।
৭৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় মায়ামি। আত্মঘাতী গোল করেন শার্লটের আদিলসন মালান্দা। আর ৮৬ মিনিটে মেসি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। লিওনার্দো কাম্পানার পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন এলএম টেন। ৪-০ গোলের বড় জয়ে লিগস কাপের সেমিফাইনালে ওঠে মায়ামি।
ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে আট গোল করেছেন মেসি এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগস কাপে।
