বিশ্বকাপে ইডেনে বাংলাদেশের ম্যাচের টিকেট সবচেয়ে সস্তা
ক্রিকেট বিশ্বকাপের উত্তাপ ইতোমধ্যে টের পাওয়া যাচ্ছে। তিন মাসেরও কম সময়ের মধ্যে ভারতে শুরু হবে ২০২৩ বিশ্বকাপ। এবারের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট নয়টি স্টেডিয়ামে। যার মধ্যে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স পেয়েছে পাঁচটি ম্যাচ।
ইডেনে এবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ যেমন আছে, তেমন আছে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচও। প্রত্যেক ম্যাচের জন্যই টিকেটের আলাদা দাম নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। যেখানে সবচেয়ে সস্তা টিকেট বাংলাদেশের ম্যাচের।
ম্যাচ এবং সিটের ক্যাটাগরি ভেদে ৬৫০ রুপি থেকে ৩০০০ রুপি পর্যন্ত টিকেটের দাম নির্ধারিত হয়েছে। কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কর্মকর্তাদের ভাষ্যমতে, সাধারণ মানুষের সাধ্যের কথা ভেবেই টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।
ইডেনে হতে যাওয়া ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে কম দামে পাওয়া যাবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকেট। আপার টায়ারে বসে এই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ৬৫০ রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮০০ টাকা। 'ডি' বা 'এইচ' ব্লকের টিকেটের দাম ১০০০ রুপি বা ১৩০০ টাকার মধ্যে। 'বি', 'সি', 'কে' এবং 'এল'' ব্লকের টিকিটের দাম পড়বে ১৫০০ রুপি বা প্রায় ২০০০ টাকা।
ইডেনের বাকি চার ম্যাচের টিকেটের দাম অবশ্য এরকম নয়। পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম সমান। এই দুই ম্যাচে আপার টায়ারের টিকিটের দাম ৮০০ রুপি বা বাংলাদেশি টাকায় ১০৫০ টাকা। 'ডি' এবং 'এইচ' ব্লকের টিকিটের দাম ১২০০ রুপি বা ১৬০০ টাকা। 'সি' এবং 'কে' ব্লকের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০০ রুপি বা ২৬০০ টাকা। 'বি' এবং 'এল' ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ২২০০ রুপি বা ২৯০০ টাকা।
স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি দাম ধরা হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল ম্যাচের টিকিটের। আপার টায়ারে দুই ম্যাচ দেখতে দর্শকদের খরচ হবে ৯০০ রুপি বা ১২০০ টাকা। 'ডি' ও 'এইচ' ব্লকের টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ রুপি বা ২০০০ টাকা। 'সি' এবং 'কে' ব্লকের টিকিটের দাম ২৫০০ রুপি বা ৩২০০ টাকা। 'বি' এবং 'এল' ব্লকের গ্যালারির খরচ জন প্রতি ৩০০০ হাজার রুপি বা ৪০০০ টাকা।
