এবারের আইপিএলে খেলা হচ্ছে না সাকিবের
আইপিএলে খেলতে অনেক আগেই বিসিবির কাছে অনাপত্তিপত্রের আবেদন করেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পাওয়া এই দুই ক্রিকেটারের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে অনেক জলঘোলা হয়েছে। বিসিবি শর্ত সম্বলিত অনাপত্তিপত্র দিলেও তা আর কাজে আসছে না সাকিবের জন্য, যে কারণে এবারের আইপিএলে খেলা হচ্ছে না সাকিবের। এমনই খবর ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজের।
আইপিএল চলাকালীন জাতীয় দলের হয়ে খেলতে দিতে দুই দফায় সাকিবকে ছাড়তে হবে কলকাতাকে। কিন্তু আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা এভাবে তাকে দলে চায় না। যে কারণে তার জায়গায় আরেকজন বিদেশি ক্রিকেটার নিতে সাকিবকে প্রস্তাব দিয়েছে কলকাতা কর্তৃপক্ষ। পুরনো সম্পর্কের কথা বিবেচনায় সাকিব এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।
বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। সাকিব ও লিটনকে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। টেস্ট ম্যাচ খেলেই তবে আইপিএলে যোগ দিতে পারবেন তারা। অর্থাৎ, আগামী ৮ এপ্রিলের আগে আইপিএলে যোগ দেওয়ার সুযোগ নেই।
এতোটুকু হলেও সমস্যা ছিল না। কিন্তু আগামী মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওই সময়ও সাকিবকে ছাড়তে হবে কলকাতাকে। দুই দফায় সাকিবকে না ছাড়তেই তার বদলে অন্য কাউকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। ক্রিকবাজ তাদের খবরে লিখেছে, দলের হয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও ব্যক্তিগত কাজের কারণে এবারের আইপিএলে সাকিবের খেলা হচ্ছে না। এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হলে সাকিব ফোন ধরেননি।
জানা গেছে, লিটনকে নিয়ে একই ধরনের পরিকল্পনা কলকাতার। তাকেও ব্যাপারটি জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু লিটন তাদের প্রস্তাবে রাজি হননি। জাতীয় দলের দায়িত্ব সেরে বাকি সময়টুকু আইপিএলে খেলতে চান উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন।
দেড় কোটি রুপিতে কলকাতায় সুযোগ পাওয়া সাকিব আইপিএল না খেললে কপাল খুলবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। দলটির হয়ে প্রিমিয়ার লিগে ইতোমধ্যে একটি ম্যাচ খেলেছেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর আবারও মোহামেডানের হয়ে ঘরোয়া এই লিগে খেলবেন তিনি। মোহামেডানের পরিচালক সাব্বির জানিয়েছেন, আইপিএলে না গেলে ৮ এপ্রিলের পর থেকে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলবেন সাকিব।
