সাত দলের বিপিএল শুরু ৬ জানুয়ারি, তিন ভেন্যুতে খেলা
বছর শেষ হতেই দুয়ারে হাজির বাংলাদেশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেকটি আসর। আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর। এক মাস ১২ দিনের এই আসরটি ৬ জানুয়ারি মাঠে গড়িয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনালও হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিপিএলের নবম আসরের ম্যাচগুলো সব সময়ের মতোই দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যু তিনটি হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শনিবার বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাত দলের অংশগ্রহণের এই আসরে গ্রুপ পর্ব, ৩টি প্লে-অফ ও ফাইনালসহ মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। একই দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
প্রতিদিন দুপুরের ম্যাচ বেলা ২টায় ও পরের ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। তবে শুক্রবারের ম্যাচগুলোর সময়ে থাকবে ভিন্নতা। শুক্রবার দুপুরের ম্যাচ বেলা ২টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে।
ঢাকার প্রথম পর্ব শেষে ১৩ থেকে ২০ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকার দ্বিতীয় পর্বের খেলার অনুষ্ঠিত হবে। এই পর্ব শেষে বিপিএল যাবে সিলেটে। ২৭ থেকে ৩১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ। বাকি অংশের সব খেলা মিরপুরে অনুষ্ঠিত হবে।
