১০ হাজার কেজি খাবার নিয়ে দুস্থদের পাশে দুঙ্গা
করোনাভাইরাসের দাপটে অসহায় হয়ে পড়েছে পুরো বিশ্ব। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ৭০ হাজার। প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে লড়াই করেও কুলিয়ে উঠতে পারছে না মানব সম্প্রদায়। প্রতিদিনই নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে করোনা। সতর্কতায় বিশ্বের প্রায় সব দেশেই লকডাউন অবস্থা।
লকডাউনে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষজন ঘোর অন্ধকারের মধ্যে পড়ে গেছেন। এমন অবস্থায় নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। করোনা মোকাবিলায় আর্থিক সহায়তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন খেলার তারকা খেলোয়াড়রা। এবার এগিয়ে এলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গা।
এখন পর্যন্ত ব্রাজিলে ১১ হাজার ২৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪৮৭ জন। করোনা বিস্তার রোধে পুরো ব্রাজিল লকডাউন করে রাখা হয়েছে। এতে অনেকেই খাদ্য সঙ্কটে পড়ে গেছেন। ব্রাজিলের এ সমস্ত দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন দুঙ্গা।
১০ টন (১০ হাজার কেজিরও বেশি) খাবারের ব্যবস্থা করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলের এই অধিনায়ক। পাশাপাশি শিশুদের জন্য দুই হাজার ডায়াপারও দিয়েছেন সাবেক এই তারকা ডিফেন্ডার।
দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর ব্যাপারটি দুঙ্গা নিজেই সবাইকে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দুঙ্গা বলেছেন, 'অনেক সময়ই আমরা চ্যালেঞ্জের মুখে পড়ে যাই। এমন সময়ে আমরা অনেক দারুণ কাজ করি, যা আমরা কল্পনাও করতে পারি না।'
অন্যদেরও সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়ে ওই ভিডিওতে দুঙ্গা আরও বলেন, 'মানুষের জীবন এখন হুমকির মুখে। জীবন আমাদের সুযোগ দিচ্ছে মানবিক হতে, মানুষকে সহযোগিতা করার। আমি সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছি। আমরা ইতোমধ্যে ১০ হাজার কেজি খাদ্য ব্যবস্থা করেছি। আমরা এই লড়াই চালিয়ে যাব। এটা হেরে যাওয়ার সময় নয়।'
