লিটনকে ওপেনার মনে করেন না বিসিবি সভাপতি
ওয়ানডে এবং টি-টোয়েন্টি; এই দুই ফরম্যাটে উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গী হন লিটন কুমার দাস। লিটন বাইরে থাকলেই কেবল উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। ডানহাতি এই ব্যাটসম্যানকেই তামিমের যোগ্য সঙ্গী মানা হয়। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তা মনে করেন না। তার মতে, লিটন পাঁচ-ছয় নম্বরের ব্যাটসম্যান। কেবল টি-টোয়েন্টিতে তাকে ওপেনার হিসেবে রাখার পক্ষে বিসিবি সভাপতি।
ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটনের। নিউজিল্যান্ড সফরে নিজের ছায়া হয়ে ছিলেন বাংলাদেশ ওপেনার। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬ ম্যাচে মাত্র ৫০ রান করেন তিনি। শ্রীলঙ্কা সফরেও হাসেনি তার ব্যাট। ছয় নম্বরে ব্যাটিং করা লিটন প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫০ রান করলেও পরের টেস্টের দুই ইনিংস মিলিয়ে করেন মাত্র ২৫ রান।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও রানে ফেরা হয়নি লিটনের। রোববার প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় তাকে। ধারাবাহিক এই ব্যর্থতায় লিটনের ওপর থেকে যেন আস্থাই উঠে গেছে নাজমুল হাসানের। এ কারণে হয়তো ওয়ানডেতে লিটনকে আর ওপেনার মনে করছেন না তিনি।
ওপেনার হিসেবে লিটন কতোটা উপযুক্ত, এমন প্রশ্নের উত্তরে কোনো রাখঢাকই রাখেননি বিসিবি সভাপতি। জানিয়ে দেন, লিটন পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করার মতো যোগ্য। নাজমুল হাসান বলেন, 'ও সব সময় পাঁচ-ছয় নম্বরের ব্যাটসম্যান। আমার ধারণা টি-টোয়েন্টিতে ওপেন করতে পারে, তবে এমনিতে তো পাঁচ-ছয় নম্বরে।'
বিসিবি সভাপতির কথায় মনে হয়েছে, লিটনকে উদ্বোধনী জুটি থেকে সরিয়ে দেওয়া হবে। এটাও মনে হয়েছে, লিটন ইনিংস উদ্বোধন করতে চান না। জোর করে তাকে ওপেনার বানানো হয়েছে। এবার থেকে তাই আর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না বলে জানান নাজমুল হাসান।
বিসিবি সভাপতি বলেন, 'এগুলো নিয়ে ওদের সাথে বসতে হবে। বসে কথা বলতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়াটা আর চাচ্ছি না এখন। আগে যেটা হতো, এখন আর করি না। তবে আগের চেয়ে এখন দলের সঙ্গে অনেক বেশি যুক্ত হয়েছি। আমার ধারণা এটার সমাধান হয়ে যাবে।'
