গোল না পাওয়ায় মৃত্যুর হুমকি
স্ট্রাইকারের কাজ প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নেওয়া। গোল করে দলকে এগিয়ে নেওয়ার কাজো তাকেই করতে হয় বেশিরভাগ সময়। আর এই স্ট্রাইকার যদি হন নামি দলের তারকা কোনো খেলোয়াড়, তাহলে রীতিমতো প্রত্যাশার বিশাল বোঝা নিয়ে মাঠে নামতে হয় তাকে। এই প্রত্যাশার চাপই যেন কাল হয়েছে আলভারো মোরাতার।
স্প্যানিশ এই স্ট্রাইকার তিন ম্যাচে গোল করেছেন মাত্র তিনটি। তারকা স্ট্রাইকার হিসেবে অবশ্যই গোল সংখ্যাটি তার নামের সঙ্গে যায় বেমানান। তবু হয়তো সমালোচনার ঝড়ের মুখে পড়তে হতো না তাকে। কিন্তু ম্যাচে যেসব মিস করেছেন মোরাতা, তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ স্প্যানিশ সমর্থকরা। তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে।
স্লোভাকিয়ার বিপক্ষে একটি গোল করেন মোরাতা। কিন্তু তার এই গোল ঢাকা পড়ে গেছে অনেকগুলো মিসের কারণে। সহজ সুযোগ মিস করাসহ পেনাল্টি মিস, পেনাল্টি থেকে ফিরে আসা বলও জালে জড়াতে পারেননি মোরাতা।
রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি, জুভেন্টাসের মতো নামিদামি ক্লাবের হয়ে খেলা মোরাতার কাছ থেকে এমন মিস মেনে নিতে পারছেন না স্প্যানিশ ভক্তরা। ক্ষিপ্ত সমর্থকরা মোরাতাকে হত্যার হুমকি দিচ্ছেন। মাঠেও অস্বস্ততিতে পড়তে তাকে। মোরাতার পায়ে বল গেলেই দুয়ো দেওয়া হচ্ছে।
স্প্যানিশ এই স্ট্রাইকার নিজেই বিষয়টি জানিয়েছেন। এল পার্তিদাজো দে কোপ অনুষ্ঠানে মোরাতা জানান, পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাকে। তিনি বলেন, 'ম্যাচের পর আমি নয় ঘণ্টা ধরে ঘুমাতে পারিনি। মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে আমাকে, আমার পরিবারকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে, আমার সন্তান যেন মারা যায়; এমন অভিশাপ দেওয়া হচ্ছে।'
