২০২৩ সালে চালু হবে ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো টানেল
হাওড়া এবং কলকাতার মধ্যে মেট্রো সংযোগ স্থাপনের জন্য কলকাতায় হুগলি নদীর তলদেশে ভারতের প্রথম আন্ডারওয়াটার টানেল নির্মাণের কাজ চলছে। ২০২৩ সালের মধ্যে এটি চালু করা হবে।
পূর্ব-পশ্চিমে ১৬ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এই টানেলের ৫২০ মিটার অংশ নদীর তলদেশে থাকবে। টানেল করিডোরটি নদীর তলদেশের ৩৩ মিটার নিচে নির্মিত হচ্ছে। এটি কলকাতাকে হাওড়ার সাথে সংযুক্ত করবে।
মেট্রো লাইনটি 'কলকাতা মেট্রো রেল কর্পোরেশন' (কেএমআরসিএল) দ্বারা নির্মিত হচ্ছে।
প্রকল্পের সুবিধা এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সাইট সুপারভাইজার মিঠুন ঘোষ বলেন, জরুরী পরিস্থিতিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার জন্য টানেলে ওয়াকওয়ে থাকবে।
তিনি বলেন, "আন্ডারওয়াটার টানেল এলাকায় কোনো কারিগরি সমস্যা দেখা দিলে বিশেষ পথ দিয়ে যেন যাত্রীদের বের করে আনা যায় সে বিষয়টি মাথায় রেখে গুরুত্বপূর্ণ প্যাসেজের কাজও করা হয়েছে। পূর্ব-পশ্চিম হাওড়া মেট্রো স্টেশনের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আশা করা যায় ২০২৩ সাল থেকে সম্পূর্ণভাবে সেবা দেয়া সম্ভব হবে"।
- সূত্র- হিন্দুস্তান টাইমস
