সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দিলেও ‘লকডাউন’ চালু করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণের ঢেউ আঘাত হানলেও 'আমার প্রশাসন পুরো দেশকে বন্ধ করার পক্ষপাতি নয়' এমন কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মিশিগান অঙ্গরাজ্যের ফোর্ড কোম্পানির কারাখানা পরিদর্শনের সময়, ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এমন কথা বলেন।
এসময় ট্রাম্প বলেন, 'মানুষজন বলছেন (দেশের অর্থনীতিকে সচল করা হলে) এই সম্ভাবনা খুবই বেশি। আমরা এই আগুন নেভাব (করোনার বিপদ মোকাবিলা করব)। স্ফুলিঙ্গ হোক বা লেলিহান শিখা, আমরা অবশ্যই সেটা নেভাব। তবে সেজন্য পুরো দেশকে বন্ধ করার পক্ষপাতি আমরা (ট্রাম্প প্রশাসন) নই।'
চলতি গ্রীষ্মের পরেও যুক্তরাষ্ট্রে করোনা মহামারির 'স্ফুলিঙ্গ' রয়ে যেতে পারে। তবে নতুন করে এসব সংক্রমণকে মোকাবিলা করা হবে বলেও এর আগে ট্রাম্প জানিয়েছিলেন। খবর সিএনবিসির।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা; যাদের মধ্যে খোদ ট্রাম্প প্রশাসনের বিশেষজ্ঞরাও আছেন, তারা কোভিড-১৯ সংক্রমণ চলতি গ্রীষ্ম বা আগামী শীতের সময় পর্যন্ত বজায় থাকবে বলে হুঁশিয়ার করেছেন। যুক্তরাষ্ট্রে শীতকালে মৌসুমি ফ্লু'র প্রাদুর্ভাব দেখা দেয় প্রতিবছর। এসময় করোনার সংক্রমণ মোকাবিলা করা খুবই কঠিন হবে বলে জানান বিশেষজ্ঞরা।
ট্রাম্প প্রশাসনের শীর্ষ জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা হলেন অ্যালার্জি এবং সংক্রামক রোগ বিষয়ক জাতীয় ইনস্টিটিউডের প্রধান ডা. অ্যান্থনি ফসি। তিনি হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্ক ফোর্সেরও সদস্য।
চলতি সপ্তাহে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, আগামীতেও সংক্রমণের জোয়ার দেখা যাবে এব্যাপারে কোনো সন্দেহ নেই।
'ভাইরাসের হুমকি হাওয়ায় মিলিয়ে যায় না। ব্যাপক আকারে মানুষের মাঝে ছড়িয়ে পড়ার ক্ষমতা সম্পন্ন এ ভাইরাস। যেকোনো সময়ে যেকোনো স্থানে এটি এক স্থান থেকে অন্যত্র ছড়িয়ে পড়তে পারে। যতদিন এই অবস্থা চলবে, ততদিন নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ঝুঁকিও থাকবে' বলেন ফসি।
এসব সতর্কতা সত্ত্বেও ট্রাম্প নিজের অবস্থান থেকে সরবেন না বলেই মনে হচ্ছে। এর আগে নিজ প্রশাসনের স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ অবজ্ঞা করে অর্থনৈতিক উপদেষ্টাদের প্রাধান্য দেওয়া শুরু করেন তিনি। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই মার্কিন অর্থনীতির চাঙ্গাভাব ফিরিয়ে আনতে দৃঢ় সংকল্প যেন তিনি।
