লাখো মানুষকে ক্ষুধার হাত থেকে বাঁচানো বিজ্ঞানীর মৃত্যুতে শোকাহত চীন
চীনা বিজ্ঞানের অগ্রদূত এবং জাতীয় নায়ক ইউয়ান লংপিং এর মৃত্যুশোকে কাতর চীনের সাধারণ মানুষ। এমনকি তার বিরুদ্ধে সামান্য ভিন্নমত পোষণও এখন চীনা সরকারের পছন্দ নয়।
বিশ্বের সর্বপ্রথম উচ্চ ফলনশীল ধান চাষী এবং লাখ লাখ মানুষকে ক্ষুধার হাত থেকে বাঁচানো বিজ্ঞানী, ইউয়ান গত শনিবার ৯০ বছর বয়সে অঙ্গ বিকলতার শিকার হয়ে মারা গেছেন।
তার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। চাংশা শহর, যেখানে তিনি মারা যান, সেখানে রাস্তায় সাধারণ মানুষের ভিড় জমে যায় এবং তার শব বয়ে নিয়ে যেতে বেগ পেতে হয় গাড়িকে। চীনা গণমাধ্যম জানায়, শনিবার হাজার হাজার মানুষ বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকে তার শেষকৃত্যানুষ্ঠানে শ্রদ্ধা দিতে।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এও খবর পাওয়া যায় যে, বিজ্ঞানীকে অপমানের দায়ে অন্তত তিন জনকে আটক করেছে পুলিশ। ইউয়ানকে নিয়ে আপত্তিকর মন্তব্য বা কন্টেন্ট প্রকাশ করেছে, এমন ৬৪টি একাউন্ট বন্ধ করে দিয়েছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো। সেসব মন্তব্য খুব বেশি ছড়াতে পারেনি এবং তাতে ইউয়ানের সম্মানহানি ঘটারও সুযোগ নেই।
কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশক্রমে চীনা কর্তৃপক্ষ জাতীয় বীরদের সমালোচকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
১৯৫৯ থেকে ১৯৬১ সালের মধ্যে চীনে সংঘটিত 'দ্য গ্রেট চাইনিজ ফেমিনিন' বা দুর্ভিক্ষের পর থেকেই বিজ্ঞানী ইউয়ান ধানের নানা জাত ও উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণার পেছনে তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন। তার আবিষ্কৃত ধানের প্রকরণ দ্বারা এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোতে দুর্ভিক্ষ প্রশমন করা সম্ভব হয়েছে।
২০১৯ সালে ইউয়ানকে চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, 'মেডেল অফ দ্য রিপাবলিক'-এ ভূষিত করা হয়। এ সপ্তাহে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন তিনি নোবেল পুরস্কার পেলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ব্যক্তিগত জীবনে ইউয়ান রাজনীতির দিকে আগ্রহী ছিলেন না বললেই চলে। ২০১৩ সালে দেয়া এক সাক্ষাতকারে জানান যে, তিনি কখনোই চীনা কম্যুনিস্ট পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন না। ইউয়ান বলেন, 'মাঝেমাঝে তিনি ভুলভাল বলে বসেন, এর কারণ তিনি রাজনীতি বোঝেনই না।' কিন্তু চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় তিনি বুঝতে পারেন যে এমন মন্তব্য তার ক্ষতি ডেকে আনবে।
এর আগে ইউয়ান চীনের একটি ফসল নীতির সমালোচনা করেন যা ছিল আসলে চীনা অর্থনীতির আধুনিকায়নের জন্য মাও সে তুং এর নেয়া পদক্ষেপ। মাও এর এই ক্যাম্পেইনের ফলে চীনে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এ বিষয়ে ইউয়ান বলেন, 'চেয়ারম্যান মাও কৃষি বিজ্ঞান পড়েননি।'
ঠিক সেই সময়ই তার গবেষণাটি রাষ্ট্রের এক উর্ধ্বতন কর্মকর্তার চোখে পড়ায় তিনি বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে বেঁচে যান। কিন্তু ইউয়ান হয়তো কোনোদিনই ভাবেননি যে তার মৃত্যুর পর তার বিরুদ্ধে 'অপমানজনক মন্তব্য' করার জন্য মানুষকে আটক করা হবে।
- সূত্র- সিএনএন
