করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়াল
মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে হানা দেওয়ার পর মাত্র সাত মাসে পাঁচ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৫ লাখ ১ হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে গত সাত মাসে যত মানুষের মৃত্যু হয়েছে, তা এক বছরে ইনফ্লুয়েঞ্জায় মৃত্যুর প্রায় সমান বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল সবার চেয়ে দীর্ঘ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও এক নম্বর অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ২৫ লাখ ৪৮ হাজার ৯৯৬ জনের মধ্যে মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৮০৩ জন। মৃতের সংখ্যার দিক থেকে সপ্তাহ দেড়েক আগেই ইউরোপের দেশগুলোকে পেছনে ফেলে দুইয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির ৫৭ হাজার ৬২২ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপরই তালিকায় স্থান যুক্তরাজ্যের। এ পর্যন্ত দেশটির ৪৩ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ কোটি ১ লাখ ৪৫ হাজার ৯৪৭ লোক। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫১ লাখ ৪০ হাজার ৯৮৭ জন।
