আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় যাত্রাপথে ৩ শিশুর জন্ম
তালেবান আফগানিস্তান দখলের পর মার্কিন সেনারা দেশটি থেকে মানুষকে সরিয়ে আনার স্মধ্যেই তিন শিশুর জন্ম হয়েছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি গত মঙ্গলবার জানিয়েছেন, এদের মধ্যে একজনের জন্ম হয়েছে সি-১৭ মিলিটারি এয়ারক্রাফটে। বাকি দুজনের জন্ম জার্মানির রামস্টেইন এয়ার বেজের এক হাসপাতালে।
নবজাতক শিশুরা ও তাদের বাবা মা সুস্থ আছে বলে জানা গেছে।
এ তিনজন শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিক কিনা এ প্রসঙ্গে ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের তথ্যমতে জানা গেছে, জন্মসূত্র নাগরিকত্বের হিসাবে যুক্তরাষ্ট্রের বাইরের মিলিটারি বেজ দেশের অংশ নয়। যুক্তরাষ্ট্রের আকাশসীমার বাইরে মার্কিন রেজিস্টার্ড কোনো বিমানে কোনো শিশু জন্মানো মানে যুক্তরাষ্ট্রে জন্মানো নয়।
ইউএস এয়ার ফোর্সের এয়ার মোবিলিটি কমান্ড শনিবার এক টুইটে জানান, সি-১৭ বিমানে এক আফগান নারী সন্তান জন্ম দিয়েছেন, পরে বিমানটি রামস্টেইন এয়ার বেজে থামে।
বিমানের মধ্যেই তার ডেলিভারির সময় ঘনিয়ে আসায় কিছু জটিলতা দেখা যায়। তখন এয়ার ক্রাফট কমান্ডার বিমানের ভেতর বাতাসের চাপ বাড়াতে বিমানটি চালিয়ে আরও নিচের দিকে নিয়ে যান। ফলে বেঁচে যায় ওই মা ও সদ্যজাত শিশু। জটিলতা ছাড়াই জন্ম নেয় শিশুটি।
বিমানে সন্তান জন্মদানের সময়ে মেডিক্যাল কর্মকর্তারা পরিবারটিকে সাহায্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি প্রকাশ করেছে ইউএস ডিপার্ট্মেন্ট অব ডিফেন্স।
শিশুটি জন্মের সময় যেই নার্স তাদের সঙ্গে ছিলেন তিনি সিএনএন-কে বলেন, এরকম পরিস্থিতিতে খারাপ পরিস্থিতির প্রস্ততি নিয়ে সব ভালোভাবে সম্পন্ন হবে এমন আশা নিয়ে কাজ করে গেছেন তারা।
মার্কিন সেনাবাহীনির ক্যাপ্টেন এরিন ব্রাইমার জানান, ওই মা বিমানে ওঠার পর অন্যান্য নারী যাত্রীরা তার চারপাশে কাপড় ধরে তাকে আরামদায়কভাবে সন্তান জন্মদানের ব্যবস্থা করে দেন।
"আমি এ মিশনের অংশ হতে পেরে গর্বিত," বলছিলেন ওই মার্কিন সেনা।
অন্য দুজন শিশুর ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
আগামী ৩১ আগস্টের মধ্যে আমেরিকান, আফগান দোভাষী ও মার্কিন মিলিটারিকে সহায়তা করেছে এমন মানুষদের আফগানিস্তান থেকে সরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বাইডেন প্রশাসনের।
গতকাল মঙ্গলবার তালেবানের এক মুখপাত্র জানান, আফগানিস্তানের নাগরিকদের কাবুলের বিমানবন্দরে যাওয়া বা দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। আফগানরা যাতে দেশ ছেড়ে না যায় এ ব্যাপারে জনপরিসরে মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে ক্ষমতা দখলকারী সশস্ত্র গোষ্ঠীটি।
- সূত্র: ইউএসএ টুডে
