আজ থেকে তিনদিনব্যাপী মুজিব’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল
মুখরোচক বাঙালি খাবারের পাশাপাশি অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী সব ধরনের খাবার নিয়ে শুরু হচ্ছে "মুজিব'স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল: টেস্ট অফ বাংলাদেশ"। বৃহস্পতিবার থেকে রাজধানীর বনানী পার্কে তিনদিনব্যাপী এই উৎসবে ৪৩টি স্টলের মাধ্যমে মোট ৩৯টি প্রতিষ্ঠান প্রায় অর্ধশতাধিক মুখরোচক ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন ও বিক্রয় করবে।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁওসহ স্বনামধন্য চেইন হোটেলগুলোও তাদের বিখ্যাত বাংলাদেশি খাবার এই আয়োজনে উপস্থাপন করবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বৃহস্পতিবার (৪ মে) থেকে বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত এই উৎসব চলবে ৬ মে পর্যন্ত।
এ উপলক্ষ্যে বুধবার (৩ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, দেশের পাশাপাশি বিদেশিদের আকৃষ্ট করাই এই উৎসবের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব। এই আয়োজনে বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতাবাস, মিশন ছাড়াও আন্তর্জাতিক সংস্থার কূটনৈতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এরমধ্যে প্রথম দিনে আজ বিকেল ৫টায় বনানী মাঠে এই উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
প্রতিদিন খাদ্য উৎসবের পাশাপাশি থাকবে বাঙালির সকল ঐতিহ্যবাহী গান ও পুঁথিপাঠের আসর।
