পোস্টার-মাইক ছাড়া নির্বাচন চায় ইসি
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে পোস্টারের ছড়াছড়ি ও মাইকের শব্দ নিয়ে আপত্তি জানিয়েছিলেন নগরবাসী। এমন বাস্তবতায় পোস্টার ও মাইকবিহীন নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ৬০তম বৈঠক শেষে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান ইসি সচিব মো. আলমগীর।
সচিব জানান, প্রাথমিকভাবে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে পোস্টার ও মাইকের ব্যবহার বন্ধ চায় ইসি। সে লক্ষ্যে ওই নির্বাচনের প্রার্থীদের সঙ্গে আলোচনা করে প্রচারের বিকল্প ব্যবস্থা করা হবে।
ঢাকার উপনির্বাচনে মাইক ও পোস্টারের ব্যবহার রোধে সফল হলে ধীরে ধীরে অন্য নির্বাচনগুলোতেও এ পথে হাঁটবে ইসি। আইন করে বিষয়টি নিশ্চিত করার কথাও ভাবছে কমিশন।
২১ মার্চ ঢাকা-১০ আসনে উপনির্বাচন। একই দিন উপনির্বাচন অনুষ্ঠিত হবে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে।
উপনির্বাচনে মাইক-পোস্টার ব্যবহার বন্ধের চিন্তার বিষয়ে ইসি সচিব জানান, এত অল্প সময়ে নির্বাচনী আচরণবিধি বদলানো সম্ভব নয়। এ কারণে প্রার্থীদের সঙ্গে আলোচনা করে পোস্টার ও মাইকের বিকল্প ঠিক করা হবে।
তিনি আরও জানান, পোস্টার ও মাইকিংয়ের পরিবর্তে কিছু বিকল্প ধারণা দেবে নির্বাচন কমিশন। বিপরীতে প্রার্থীদের কাছ থেকেও ধারণা নেওয়া হবে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে বিকল্প প্রচারের ব্যবস্থা করা হবে।
পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনের আগে বিভিন্ন ধরনের পোস্টারে ভরে গিয়েছিল ঢাকা মহানগরের আনাচ-কানাচ। নির্বাচনের পরও অনেক পোস্টার রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
এ ধরনের পোস্টার ও নির্বাচনী ব্যানার নিয়ে খাতা ও স্কুলব্যাগ বানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিদ্যানন্দ।
