লোকসানি প্রতিষ্ঠান ও অব্যবহৃত সম্পদ হস্তান্তরে ইনভেস্ট বাংলাদেশের খসড়া নীতিমালা
লোকসানি, অকার্যকর ও বন্ধ হয়ে পড়ে থাকা রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নতুন বিনিয়োগের আওতায় আনতে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে 'ইনভেস্ট বাংলাদেশ'। এ নীতিমালার লক্ষ্য, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রতিষ্ঠান এবং এগুলোর অব্যবহৃত জমি ও স্থাপনাগুলোকে কাজে লাগানো।
'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬ (২০২৬ সালের ১০৪ নম্বর আইন)-এর ৪৮ ধারার অধীনে 'সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ইহাদের অব্যবহৃত জমি বা স্থাপনা হস্তান্তর, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা' শীর্ষক এই খসড়া প্রণয়ন করা হয়েছে।
এ ধরনের প্রতিষ্ঠান, শেয়ার ও মালিকানাস্বত্ব হস্তান্তর কিংবা কৌশলগত বিনিয়োগ প্রত্যাহারের প্রস্তাবিত কাঠামোর ওপর গতকাল সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে মতামত আহ্বান করেছে কর্তৃপক্ষ।
প্রস্তাবিত এই নীতিমালার লক্ষ্য হলো—রুগ্ণ রুগ্ন, অকার্যকর বা বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অব্যবহৃত জমি-স্থাপনাকে উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনা; শিল্প উৎপাদন বৃদ্ধি, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা।
এতে প্রতিষ্ঠান ও সম্পদের যথাযথ যাচাই ও মূল্যায়ন, উপযুক্ত লেনদেন কাঠামো নির্ধারণ, দেশি-বিদেশি বিনিয়োগকারী আকর্ষণ এবং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগকারী নির্বাচনের কাঠামো রাখা হয়েছে। পাশাপাশি সরকারি স্বার্থ ও সম্পদের ন্যায্য অর্থনৈতিক মূল্য সংরক্ষণ এবং লেনদেন-পরবর্তী বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য সমন্বিত কাঠামোর প্রস্তাব করা হয়েছে।
নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১২ জুলাই সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে ইনভেস্ট বাংলাদেশ। এরপর ১৮ আগস্ট শিল্প মন্ত্রণালয়ও এ বিষয়ে মতামত আহ্বান করে এবং প্রাসঙ্গিক যৌক্তিক মতামতগুলো খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়।
এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি দপ্তর ও সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও শিল্প সংগঠন, দেশি-বিদেশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, পেশাজীবী, বিশেষজ্ঞসহ অন্যান্য অংশীজনের মতামত চেয়েছে কর্তৃপক্ষ।
মতামত প্রদানকারীদের সংযুক্ত নির্ধারিত ছক অনুযায়ী বাংলা ভাষায় নিকষ ফন্টে মতামত প্রস্তুত করতে বলা হয়েছে। স্বাক্ষরিত মতামতের স্ক্যান কপি এবং সম্পাদনযোগ্য ওয়ার্ড ফাইল আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে info@invest.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
নির্ধারিত ছক ব্যবহার করে বাংলায় মতামত ও সুপারিশ জমা দিতে অংশীজনদের অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাক্ষরিত মতামতের স্ক্যান কপি এবং সম্পাদনযোগ্য ওয়ার্ড ফাইল info@invest.gov.bd ইমেইলে পাঠাতে হবে। ইমেইলের বিষয় (Subject) হিসেবে "Comments on Strategic_Divestiture Policy" লিখতে হবে।
নতুন বিনিয়োগ কর্তৃপক্ষ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ গঠিত হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে।
নতুন লোগো উন্মোচনের মধ্য দিয়ে গত ২৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে সংস্থাটি। এটি দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে।
