যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো বিমান, ৫ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে আমাজনের একটি কার্গো বিমান। এ সময় উড়োজাহাজটি ওই সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় সময় রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ইডিটি সময় দুপুর ২টার (১৮০০ জিএমটি) কিছু আগে বিমানবন্দরের আড়াআড়ি রানওয়ে অতিক্রম করে ছিটকে যায় প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮।
মিয়ামি-ডেড ফায়ার চিফ রে জাদাল্লাহ জানান, এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
জাদাল্লাহ আরও বলেন, উড়োজাহাজের ধাক্কা খাওয়া গাড়িগুলোর ভেতরে অন্তত দুজন আটকে পড়েছিলেন। অন্যদিকে দুর্ঘটনার কারণে উড়োজাহাজের ভেতরে আটকা পড়েন পাইলট ও কো-পাইলট।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি কর্মকর্তারা।
মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ এক বিবৃতিতে জানিয়েছে, ৬০টিরও বেশি উদ্ধারকারী ইউনিট ও প্রায় ২০০ জন কর্মী এই ঘটনায় সাড়া দিয়েছেন। জাদাল্লাহ বলেন, বিকেল গড়িয়ে গেলেও জরুরি কর্মীরা উড়োজাহাজটি থেকে নির্গত হওয়া জ্বালানি লিকের সমস্যা সমাধানে কাজ করছিলেন।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট চলাচল বন্ধ করে দিলেও রোববার সন্ধ্যার মধ্যে চারটি রানওয়ের মধ্যে দুটি ফের খুলে দেওয়া হয়।
ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি ছিল ৩২ বছরের পুরোনো একটি বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেইটার। এটি ১৯৯৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সে যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হয়েছিল।
আমাজনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমাজনের হয়ে কার্গো এয়ারলাইন '২১ এয়ার' উড়োজাহাজটি পরিচালনা করছিল।
দুর্ঘটনার পর রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যায়, উড়োজাহাজটির সামনের অংশ মাটিতে আছড়ে পড়েছে, পেছনের অংশ ওপরের দিকে উঠে রয়েছে। উড়োজাহাজটির ডানদিকে পোড়া দাগের মতো কিছু একটা দেখা গেছে।
ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ব্যবহারযোগ্য রানওয়ে থেকে ছিটকে পড়ার সময় উড়োজাহাজটি ১১২ নট (ঘণ্টায় ১২৯ মাইল) বেগে চলছিল।
যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, তারা চেয়ারওম্যান জেনিফার হোমেন্ডির নেতৃত্বে দুর্ঘটনার তদন্তের জন্য একটি দল পাঠিয়েছে।
ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে আমাজন এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছেন কোম্পানিটির মুখপাত্র কেলি ন্যান্টেল।
বোয়িং ও ২১ এয়ার বলেছে, দুর্ঘটনার সরকারি তদন্তে তারা সহায়তা করবে।
আমাজন প্রাইম এয়ারের কোনো উড়োজাহাজ প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মিয়ামি থেকে হিউস্টনগামী আমাজন প্রাইম এয়ারের হয়ে পরিচালিত 'অ্যাটলাস এয়ার ফ্লাইট ৩৫৯১' নামক একটি বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেটার টেক্সাসের ট্রিনিটি বে-তে দ্রুতগতিতে নিচে নেমে এসে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজের তিন আরোহীরই মৃত্যু হয়।
