‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
বিক্ষোভের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে অধিকার রক্ষা বিষয়ক গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে তালেবান সরকার। সরকারের দাবি, এ আদেশ ইসলামী শরিয়াহ আইনের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।
পাঁচ বছরেরও বেশি সময় আগে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে বিক্ষোভের ঘটনা বিরল। তবে গত মাসে সরকার একটি নতুন নিয়ম জারি করে জানায়, 'সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।'
আন্তর্জাতিক সংস্থাগুলো এই আইনটিকে "নিষ্ঠুর" এবং দেশে যেকোনো ধরণের ভিন্নমত বা প্রতিবাদ দমনের একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, 'এ আইনটি পুরোপুরি ইসলামী শরিয়াহর অনুসারী।' তিনি আরও বলেন, 'ইসলামী শরিয়াহ আইনে বিক্ষোভ বলে কিছু নেই।'
মুজাহিদ বলেন, 'বিক্ষোভ বা প্রতিবাদ সেই সব সমাজের বিষয় যেখানে ভিন্ন ধরনের আইন চালু রয়েছে, যেমন— কোনো গণতন্ত্র বা প্রজাতন্ত্রে।' তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যবস্থার অধীনে মানুষ রাজপথে বিক্ষোভ প্রদর্শনের পরিবর্তে সরাসরি সরকারের কাছে তাদের উদ্বেগের কথা জানাতে পারে।
