কৃষ্ণসাগর দিয়ে রপ্তানি ব্যাহত হওয়ায় কৃষকদের শস্য কেনার পরিকল্পনা রাশিয়ার, দেবে ঋণ সহায়তা
কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে রাশিয়া-ইউক্রেনের হামলা-পাল্টা হামলার কারণে শস্য রপ্তানি ব্যাপভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দেশীয় শস্য উৎপাদনকারী কৃষকদের কথা বিবেচনা করে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে রাশিয়া সরকার। এর মধ্যে রয়েছে সরকারি উদ্যোগে শস্য ক্রয়, বিশেষ সুবিধাপ্রাপ্ত ঋণের মেয়াদ বাড়ানো এবং শস্য বিক্রিতে ভর্তুকি দেওয়া।
রাশিয়ার কৃষিমন্ত্রী ওকসানা লুৎ-এর বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে।
গত সপ্তাহে রুশ কৃষি মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ড্রোন হামলায় নৌ-পরিবহন ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় চরম বিঘ্ন ঘটছে। এই সংকট কাটিয়ে উঠতে কৃষি পণ্য রপ্তানির বিকল্প নতুন পথের কথা বিবেচনা করছে রাশিয়া।
চলতি মাসের শুরুর দিকে কৃষ্ণসাগরের নভোরোসিস্ক বন্দরের রাশিয়ার তিনটি সর্ববৃহৎ শস্য টার্মিনাল ড্রোন হামলায় ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে টার্মিনালগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, ওডেসাসহ অন্যান্য প্রধান বন্দরের স্থাপনাগুলোতে রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের শস্য চালান ও রপ্তানি কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।
সম্প্রতি কৃষ্ণসাগর এলাকায় রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের বাণিজ্যিক জাহাজ এবং বন্দরগুলোতে হামলার মাত্রা বহুগুণ বাড়িয়েছে। এতে চরম ঝুঁকিতে পড়েছে বিশ্বব্যাপী শস্য সরবরাহ ব্যবস্থা। বৈশ্বিক মোট গম রপ্তানির এক-চতুর্থাংশের (চার ভাগের এক ভাগের বেশি) জোগান আসে এই দুই দেশ থেকে।
উদ্বেগের বিষয় হলো, চলতি বছরের শস্য সংগ্রহের ভরা মৌসুমের মাঝামাঝি সময়ে এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।
ওকসানা লুৎ জানান, এসব প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাশিয়া এখন পর্যন্ত সাড়ে ৭ কোটি (৭৫ মিলিয়ন) টন গম মাড়াই ও সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
