হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
হামের উপসর্গে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৫ শিশু। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৭৪ শিশুর।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হাম শনাক্ত হয়ে ঢাকায় দুই, সিলেট, চট্টগ্রাম ও রংপুরে একজন করে শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৯০ শিশু।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ শিশু। আর এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ শিশু। এ নিয়ে পাঁচ মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ লাখ ৫৭ হাজার ৬১৯ শিশু আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৮ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৯০ শিশু।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯৫ শিশু এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৩ শিশু।
