বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার অবশিষ্ট মেয়াদ বাতিল আদেশ আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) তার নিয়োগ বাতিলের আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রধান অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বিষয়ে নীতিগত পরামর্শ দেন।
ড. আক্তার হোসেন একাধারে প্রথিতযশা শিক্ষক, গবেষক এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত অর্থনীতিবিদ। তিনি প্রায় ৩০ বছর অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০২০ সালে সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।
এরপর ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন।
আক্তার হোসেন ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সিঙ্গাপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৪ সালে বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন এবং নীতিভিত্তিক গবেষণা কার্যক্রমের সূচনা করেন।
আক্তার হোসেন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পান।
