Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
22 July, 2026, 07:30 pm
Last modified: 22 July, 2026, 09:44 pm

Related News

  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
  • গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ
  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি
  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত

জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি ‘দল থেকে পদত্যাগ করেন’ অথবা ‘সংসদে দলের বিপক্ষে ভোট দেন’, তাহলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে দল যদি কাউকে বহিষ্কার করে, সেই পরিস্থিতিতে কী হবে—এ বিষয়ে সংবিধানে কোনো সুস্পষ্ট বিধান নেই।
শেখ আবদুল্লাহ
22 July, 2026, 07:30 pm
Last modified: 22 July, 2026, 09:44 pm
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি: ভিডিও থেকে নেওয়া

১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে হোটেল কক্ষে 'আপত্তিকর অবস্থার' ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর থেকেই প্রশ্ন উঠেছে—দল থেকে বহিষ্কৃত হওয়ার ফলে তার সংসদ সদস্য পদও বাতিল হবে কি না।

বাংলাদেশের সাংবিধানিক ও সংসদীয় ইতিহাস বলছে, শুধু দল থেকে বহিষ্কার করা হলে কোনো সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। অতীতে বিএনপি ও আওয়ামী লীগের ক্ষেত্রে এমন একাধিক নজির রয়েছে, যেখানে দল থেকে বহিষ্কৃত ব্যক্তিদের সংসদ সদস্য পদ বহাল ছিল।

অতীতের উদাহরণ

২০০৫ সালে অষ্টম জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আবু হেনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। স্থানীয় এক মন্ত্রীকে জঙ্গিদের মদদদাতা আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করার পর তিনি দলীয় শাস্তির মুখে পড়েন। তখনকার স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্পষ্টভাবে বলেছিলেন, 'আবু হেনা দল থেকে পদত্যাগ করেননি এবং সংসদে দলের বিপক্ষেও ভোট দেননি। ফলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্য পদ বাতিলের কোনো আইনগত সুযোগ ছিল না। দল থেকে বহিষ্কার হলেও তিনি সংসদ সদস্য পদে বহাল ছিলেন।'

২০১৪ সালে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আওয়ামী লীগ আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা, দলের সভাপতিমণ্ডলী এবং প্রাথমিক সদস্যপদ থেকে অপসারণের পর চূড়ান্তভাবে বহিষ্কার করে। এরপর আওয়ামী লীগ তার সংসদ সদস্য পদ বাতিলের সুপারিশ করে স্পিকারের কাছে চিঠি দেয়। স্পিকার বিষয়টি নির্বাচন কমিশনে পাঠালে কমিশন আওয়ামী লীগ ও লতিফ সিদ্দিকী—উভয় পক্ষের কাছেই ব্যাখ্যা চায়। আওয়ামী লীগ যুক্তি দেয়, দলীয় মনোনয়নে নির্বাচিত হওয়ার পর দল থেকে বহিষ্কৃত হওয়ায় তিনি আর দলটির সদস্য নন, তাই সংসদ সদস্য হিসেবে থাকার আইনগত অধিকারও তার নেই।

অন্যদিকে লতিফ সিদ্দিকী নির্বাচন কমিশনের এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট আবেদন খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে গেলেও সেখানেও আবেদন খারিজ করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই তিনি নির্বাচন কমিশনের শুনানিতে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। অর্থাৎ তার সদস্যপদ আদালত বা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাতিল হয়নি; বরং তিনি নিজেই পদত্যাগ করেছিলেন।

সংবিধান কী বলছে

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি 'দল থেকে পদত্যাগ করেন' অথবা 'সংসদে দলের বিপক্ষে ভোট দেন', তাহলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে দল যদি কাউকে বহিষ্কার করে, সেই পরিস্থিতিতে কী হবে—এ বিষয়ে সংবিধানে কোনো সুস্পষ্ট বিধান নেই।

অন্যদিকে সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড হলে একজন ব্যক্তি সংসদ সদস্য থাকার যোগ্যতা হারাবেন।

কিন্তু গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এখন পর্যন্ত আদালতের কোনো দণ্ড বা দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটেনি।

গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে কী ঘটেছে

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন ৭৬ বছর বয়সী গাজী নজরুল ইসলাম। তিনি দলের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্যও ছিলেন।

ভিডিও ভাইরালের পর বিষয়টি নিয়ে সাংগঠনিক তদন্ত করে জামায়াত। দলের দাবি, তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও নেয় দলটি।

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের আগে বিবিসি বাংলাকে বলেছিলেন, 'কোনো ব্যক্তি যদি সংগঠনের গঠনতন্ত্রে বর্ণিত বিধি লঙ্ঘন করে ও নৈতিকতার সীমা ছাড়িয়ে যায়, অথবা তার ভূমিকার মাধ্যমে যদি সংগঠনের সুনাম ও মর্যাদা বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন তার সদস্য পদ তো বাতিল হবেই।'

তিনি যোগ করেন, 'এমনকি তাকে সংগঠন থেকে বহিষ্কার করারও বিধান আছে। সদস্য পদ বাতিল হলে সংগঠনে সে থেকে যাবে, কাজ করতে পারবে। আর বহিষ্কার মানে সংগঠন থেকেই বহিষ্কার।'

বিশেষজ্ঞের মত

সংসদীয় রীতি ও সংবিধান বিশ্লেষকদের মতে, বর্তমান আইনি কাঠামো অনুযায়ী শুধু দল থেকে বহিষ্কার হওয়ায় গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার সুযোগ নেই।

সংসদ বিষয়ক বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, 'জামায়াত তাকে বহিষ্কার করলেও তাতে তার সংসদ সদস্য পদ চলে যাবে না। কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদে দল থেকে বহিষ্কারের বিষয়টি আসন শূন্য হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।'

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আইন বিশেষজ্ঞ শাহদীন মালিকও বিবিসি বাংলাকে বলেন, 'দলের নিয়ম কানুন ভঙ্গ করলে সাধারণত দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু সংসদ সদস্য পদ হারাবে তখনই, যখন কেউ দলের বিপক্ষে সংসদে ভোট দেয় অথবা পদত্যাগ করে। এছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে ফৌজদারি বিচারে দোষী সাব্যস্ত হয়ে কারও যদি দুই বছরের বেশি কারাদণ্ড হয়, তখন।'

তিনি যোগ করেন, 'তবে এখানে একটা অস্পষ্টতা আছে। সব অপরাধের জন্য এটা হবে না, শুধু নৈতিক স্খলনজনিত অপরাধে হবে। এখন কোনটা নৈতিক স্খলনজনিত অপরাধ, আর কোনটা না, সেটার কোনো স্পষ্ট সংজ্ঞা নাই। কোর্টের রায়েও এ নিয়ে কিছু আসে নাই।'

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, 'সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার বা পদে থাকার যোগ্যতা ও অযোগ্যতার বিষয় উল্লেখ রয়েছে। নৈতিক স্খলনের বিষয়ে বলা আছে ৬৬(১)(ঘ) অনুচ্ছেদে। তবে সেটি আদালত কর্তৃক নির্ধারিত হতে হবে। এ ক্ষেত্রে সে ধরনের কোনো সিদ্ধান্ত নেই।'

তিনি আরও বলেন, 'সংবিধানের ৭০ অনুচ্ছেদও এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কেননা, সেখানে বলা আছে, কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা দলের বিপক্ষে ভোট দিলে তিনি সদস্যপদ হারাবেন। তাকে বহিষ্কার করা হয়েছে, তিনি পদত্যাগ করেননি। দুটি বিষয়কে এক করে দেখার সুযোগ নেই।'

তিনি যোগ করেন, 'তবে সংবিধানের এই দুই অনুচ্ছেদের ব্যাখ্যার বাইরে একটি বিষয় পরিষ্কার যে, এখানে নৈতিক স্খলনের বিষয় আছে। সে ক্ষেত্রে তার সংসদ সদস্যপদ থাকবে কি না, তা নির্ধারণের জন্য সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ, সংসদ সদস্যের বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০-এর ৩ ধারা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধি মোতাবেক মাননীয় স্পিকার বিষয়টি নির্বাচন কমিশনে প্রেরণ করবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।'
 

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / বহিষ্কার / গাজী নজরুল ইসলাম / সাতক্ষীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
  • গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ
  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি
  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net