এরদোয়ান ও নেতানিয়াহু ‘অসাধারণ’ নেতা, আমিই তুরস্ককে ইরান যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছিলাম: ট্রাম্প
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, আঙ্কারার কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ চলছে।
ট্রাম্পের দাবি, তিনি নেতানিয়াহুকে বলেছেন, ব্যক্তিগতভাবে তিনিই এরদোয়ানকে ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রেখেছিলেন।
তুরস্কে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমি এরদোয়ানকে পছন্দ করি" । ট্রাম্প তুর্কি প্রেসিডেন্টকে 'অসাধারণ' নেতা বলেও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, "আপনি জানেন, তিনি (এরদোয়ান) ইরান-ইসরায়েল যুদ্ধে যোগ দিতে পারতেন।"
গত মাসের শেষ দিকে করা একই দাবির কথা পুনরায় উল্লেখ করে ট্রাম্প বলেন, নেতানিয়াহুও সম্প্রতি এরদোয়ান ও তুরস্কের সমালোচনা করেছেন। ট্রাম্প নেতানিয়াহুকেও 'একজন অসাধারণ যুদ্ধকালীন প্রধানমন্ত্রী' হিসেবে প্রশংসা করেন।
ট্রাম্প বলেন, ''বিবি গতকাল তুরস্ক ও এরদোয়ান সম্পর্কে কিছু কঠোর কথা বলেছেন। তখন আমি নেতানিয়াহুকে বলেছিলাম, এরদোয়ান যুদ্ধে যোগ দিতে পারতেন। কারণ, তিনি ইসরায়েলকে খুব একটা পছন্দ করেন না, বিবিকেও পছন্দ করেন না। কিন্তু আমার কারণেই তিনি যুদ্ধে যাননি।"
তিনি আরও বলেন, "তুরস্ক একটি সামরিক শক্তি। তাদের লাখ লাখ সৈন্য রয়েছে। দেশটি অত্যন্ত শক্তিশালী এবং আমাদের তৈরি অনেক উন্নত সামরিক সরঞ্জাম তাদের কাছে আছে। তারা এখন এফ-৩৫ যুদ্ধবিমানও পেতে চায়।"
ট্রাম্প আবারও দাবি করেন, "কিন্তু এরদোয়ান যুদ্ধে যোগ দেননি।" তার ভাষ্য, তিনিই তুর্কি প্রেসিডেন্টকে সংঘাতের বাইরে থাকতে রাজি করিয়েছিলেন। ফলে এটাই প্রমাণ হয় যে আঙ্কারা শত্রুভাবাপন্ন কোনো পক্ষ হিসেবে আচরণ করছে না।
ট্রাম্প বলেন, "তিনি (এরদোয়ান) যুদ্ধে যেতে পারতেন এবং বিপরীত পক্ষেও থাকতে পারতেন। যদিও আমার মনে হয়, তিনি ওই পক্ষকেও খুব একটা পছন্দ করেন না। কারণ, তিনি যথেষ্ট বিচক্ষণ, আর ওরা খুবই উন্মাদ। তবে আমি মনে করি, তারা আমাদের সঙ্গে ভালো আচরণ করেছে।"
তবে যুদ্ধ চলাকালে তুরস্কের পক্ষ থেকে কখনোই প্রকাশ্যে এমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি যে তারা ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার কথা ভাবছে। বরং সংঘাতের সময় কয়েকবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে এলেও সেগুলো ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।
