ইরান কখনও নিজের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনার টেবিলে বসবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে কোনো রকম আলোচনায় বা আপস করা অসম্ভব বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, নিজস্ব এই মিসাইলগুলো না থাকলে ইরানের অবস্থাও 'গাজার মতোই' হতো।
মধ্যপ্রাচ্য যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটি সফরে গিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, 'আমাদের আত্মরক্ষার জন্য এই মিসাইলগুলো না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এত দিনে ইরানকে গাজার গুঁড়িয়ে দিত। আবালবৃদ্ধবনিতা—কারও প্রতিই তারা করুণা দেখাত না।'
পেজেশকিয়ান আরও বলেন, 'আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আমরা কখনোই, কোনো পরিস্থিতিতেই, কারও সাথে কোনো আলোচনার টেবিলে বসব না।'
মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগে ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত আলোচনায় তেহরানের ব্যালিস্টিক মিসাইল প্রকল্প ও মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের মিত্র বাহিনীগুলোকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র।
তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা গেছে। মিসাইল ইস্যুতে তিনি সুর কিছুটা নরম করেছেন বলে মনে হচ্ছে।
গত সপ্তাহে ফ্রান্সে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, 'অন্যান্য দেশের কাছে যখন মিসাইল আছে, তখন ইরানের কাছে কিছু মিসাইল না থাকাটা একটু অন্যায়ই হয়ে যায়।'
