খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়তে পারে
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার পরিমাণ ৫ হাজার টাকা করে বৃদ্ধি করার প্রস্তাব থাকতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫ হাজার টাকা করে বৃদ্ধি করে নতুন হার নির্ধারণ করা হতে পারে। সেক্ষেত্রে বীরশ্রেষ্ঠ পরিবারের ভাতা বাড়িয়ে ৪০ হাজার টাকা, বীর উত্তমের ৩০ হাজার টাকা, বীর বিক্রমের ২৫ হাজার টাকা এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের ভাতা ২৫ হাজার টাকা করা হতে পারে।
তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বর্তমানে যে ২০ হাজার টাকা রয়েছে, তা অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে।
একই সাথে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর জন্য নির্ধারিত মাসিক ২০ হাজার টাকা ভাতা এবং আহতদের জন্য নির্ধারিত ভাতা অপরিবর্তিত রাখা হতে পারে। বর্তমানে আহতদের অবস্থা বিবেচনা করে এ, বি ও সি ক্যাটাগরিতে যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা মাসিক ভাতা প্রদান করা হচ্ছে।
সূত্র আরও জানায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতে ২০২৬-২৭ অর্থবছরে এই খাতে মোট ১ লক্ষ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ১ লক্ষ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।
