২০২৫-২৬ অর্থবছর: প্রথমবারের মতো ৩,০০০ ডলার ছাড়াল বাংলাদেশের মাথাপিছু আয়
দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
আজ সোমবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সাময়িক হিসাব অনুযায়ী, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকায়। মার্কিন ডলারের হিসেবে যা ৩ হাজার ২০ ডলার।
বিবিএস-এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক বছরে দেশের মানুষের গড় আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগের অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫-এ মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ ডলার। সেই তুলনায় বিদায়ী অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৪ হাজার ৩৬২ টাকা।
মাথাপিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতেও গতি দেখা গেছে। বিবিএস-এর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪.১৪ শতাংশে, যা ২০২৪-২৫ অর্থবছরের ৩.৪৯ শতাংশের তুলনায় কিছুটা বেশি।
বর্তমানে প্রচলিত বাজার মূল্যে বাংলাদেশের অর্থনীতির আকারও একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপির মোট আকার দাঁড়িয়েছে রেকর্ড ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকায়, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। এর আগের অর্থবছরে (২০২৪-২৫) দেশের অর্থনীতির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক চ্যালেঞ্জের মাঝেও প্রবৃদ্ধির এই ধারা এবং মাথাপিছু আয়ের ৩ হাজার ডলার ছাড়ানোর বিষয়টি দেশের অর্থনীতির জন্য একটি বড় অর্জন। তবে এই প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় কতটা প্রতিফলিত হচ্ছে, সেটিই এখন দেখার বিষয়।
