ইউরোপে চাকরির প্রলোভনে প্রতারণা, মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার
ইউরোপের বিভিন্ন দেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৮ জুন) রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রটির কথিত মূলহোতা শেখ মো. সাদী (৪১), মো. নাহিন (২৫) এবং জাহাঙ্গীর আলম (২৪)।
সোমবার (৯ জুন) মিরপুর-১-এ র্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ক্রোয়েশিয়া, সার্বিয়া, পর্তুগাল, ইতালি এবং ইউরোপের অন্যান্য দেশে আকর্ষণীয় চাকরি ও স্টুডেন্ট ভিসার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিলেন।
র্যাবের তথ্যমতে, ভুক্তভোগী মো. রমজান হোসেন খান গত ২৮ মে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি ও তার ভগ্নিপতি গ্রেপ্তার ব্যক্তিদের পরিচালিত একটি ভিসা প্রসেসিং এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন।
বৈধভাবে বিদেশে পাঠানোর আশ্বাসে ভুক্তভোগীদের কাছ থেকে মোট ৩১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। ইউরোপে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হওয়ার এক পর্যায়ে গ্রেপ্তারকৃতরা ওই দুইজনকে সার্বিয়া হয়ে ইতালি পাঠানোর জন্য শ্রীলঙ্কায় পাঠিয়ে দেন।
ইতালিতে পাঠানোর কথা বলে হলেও তাদের একটি শ্রীলঙ্কান মাফিয়া চক্রের কাছে হস্তান্তর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগীরা দেশে ফিরে আসেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা ইউরোপ, অস্ট্রেলিয়া এবং অন্যান্য উন্নত দেশে যেতে আগ্রহী বাংলাদেশিদের টার্গেট করে একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
