কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। প্রায় ১৩ মাস কারাভোগের পর বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।
আইভীর মুক্তি উপলক্ষে বিকেল থেকেই কারাগারের ফটকে তার আইনজীবী ও স্বজনেরা অপেক্ষা করছিলেন। রাতে কারাগার থেকে বের হওয়ার পর তিনি ব্যক্তিগত গাড়িতে করে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে থাকা মোট পাঁচটি মামলার জামিনসংক্রান্ত কাগজপত্র ও সর্বশেষ জামিননামা কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে মুক্তি দিতে কিছুটা বিলম্ব হয়। সবকটি মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।
২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা (চুনকা কুটির) থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। তারপর বিভিন্ন সময়ে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
সূত্র অনুযায়ী, এসব মামলায় গত ৯ নভেম্বর হাইকোর্ট সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেন। জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করলে চেম্বার আদালত ১২ নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। গত ১০ মে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে আইভীর জামিন বহাল রাখেন সর্বোচ্চ আদালত।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।
