তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহরের সাবেক মেয়র যুক্তরাষ্ট্রে চীনের একজন অনিবন্ধিত বিদেশি প্রতিনিধি হিসেবে কাজ করার দায় স্বীকার করতে রাজি হয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, আইলিন ওয়াং স্বীকার করেছেন, তিনি চীনা সরকারি কর্মকর্তাদের নির্দেশনায় চীনপন্থি প্রচারণামূলক লেখা প্রকাশ করেছিলেন। সোমবার প্রকাশিত আদালতের নথিতে এ তথ্য উঠে এসেছে।
ওয়াং ছিলেন আর্কাডিয়া শহরের মেয়র। প্রায় ৫৫ হাজার জনসংখ্যার এই শহরটি লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ মাইল (২৪ কিলোমিটার) উত্তর-পূর্বে অবস্থিত। ২০২২ সালে সিটি কাউন্সিলে নির্বাচিত হওয়ার পর তিনি মেয়র হন। সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে সিটি ম্যানেজার ডমিনিক লাজারেত্তো এক বিবৃতিতে জানিয়েছেন।
লাজারেত্তো বিবৃতিতে বলেন, 'আমরা নিশ্চিত করতে পারি যে এ ঘটনায় শহরের কোনো আর্থিক তহবিল, কর্মী বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জড়িত ছিল না।'
৫৮ বছর বয়সী ওয়াং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি দপ্তরের এক বিবৃতি অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করবেন বলে আশা করা হচ্ছে।
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) অভিযোগ, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ওয়াং তার পরিচালিত একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট ব্যবহার করে চীনা সরকারের কর্মকর্তাদের নির্দেশনায় চীনপন্থি বিষয়বস্তু প্রকাশ করেন। এর মধ্যে শিনজিয়াংয়ে গণহত্যা ও জোরপূর্বক শ্রমের অভিযোগ অস্বীকার করে লেখা প্রবন্ধও ছিল।
বিবৃতি অনুযায়ী, প্রচারণা কার্যক্রমে যিনি তার সঙ্গে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে, সেই ব্যক্তি গত অক্টোবর মাসে দোষ স্বীকার করেছেন এবং বর্তমানে চার বছরের কারাদণ্ড ভোগ করছেন।
এফবিআইয়ের পাল্টা গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তি বিভাগের সহকারী পরিচালক রোমান রোজহাভস্কি বিবৃতিতে বলেন, 'স্বীকারোক্তি অনুযায়ী, আইলিন ওয়াং গোপনে চীনা সরকারের স্বার্থে কাজ করেছেন।'
তিনি আরও বলেন, 'এটি একটি স্পষ্ট সতর্কবার্তা হিসেবে কাজ করুক— যারা বিদেশি সরকারের হয়ে আমাদের গণতন্ত্রকে প্রভাবিত করার চেষ্টা করবে, তাদের শনাক্ত করা হবে, তদন্ত করা হবে এবং বিচারের আওতায় আনা হবে।'
