নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৭৭জন শিক্ষার্থীর মধ্যে ২০২৫ সালের প্রশ্ন বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ২৫ মিনিট পর বিষয়টি জানতে পেরে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২টা ৪০ মিনিট পর্যন্ত এই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, এসএসসি ২০২৬ সালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরোটরি স্কুলের ৭৬০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১৭৭জন শিক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়। পুরোনো প্রশ্নেই শিক্ষার্থীরা এক ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়।
একপর্যায়ে পুরাতন প্রশ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। শিক্ষার্থীরা বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করলে তাৎক্ষণিকভাবে ইউএনওকে জানিয়ে সঠিক প্রশ্নে সময় বৃদ্ধি করে পরীক্ষা নেওয়া হয়।
এ বিষয়ে সিনহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার বলে, 'আমাদের কেন্দ্রে দায়িত্বরতরা ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করেন। পরীক্ষার প্রথম দিন হওয়ার কারণে বিষয়টি প্রথমে নজরে আসেনি। পরবর্তীতে নজরে এলে আমাদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করে। কেউ কেউ ফেল করার ভয়ে কান্নায় ভেঙে পড়েন।'
মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী আয়মান রহমান বলে, 'এমন ভুল হতে থাকলে আমাদের ভবিষ্যত শংঙ্কায় পড়বে। পরবর্তীতে এমন পরিস্থিতি যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট সবার সচেতন হওয়া দরকার।'
এক অভিভাবক জানান, কেন্দ্র সচিবের দায়িত্বে গাফলতির কারণে তাদের সন্তানদের ভবিষ্যত অন্ধকারের দিকে যাচ্ছিল। এমন দায়িত্বহীন ব্যক্তিকে অব্যাহতি দেওয়া উচিত।
কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো.আবদুল মতিন সরকার বলেন, 'সিলেবাসের সাল দৃষ্টিগোচর না হওয়ার কারণে এমন হয়েছে। তাছাড়া প্রশ্নের অতিরিক্ত আরও দুটি প্রশ্নের প্যাকেট বেশি আসার কারণে বিষয়টি আমাদের নজরে আসেনি। ফলে এমন পরিস্থিতি হয়েছে। আগামী দিনগুলোতে এ বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করা হবে।'
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, 'পুরাতন সিলেবাসে পরীক্ষার বিষয়টি নজরে আসামাত্র বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অতিরিক্ত সময় দিয়ে নতুন সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'আশা করছি পরীক্ষার্থীদের তেমন কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীদের এ বিষয়ে আতঙ্কের কোনো কারণ নেই।'
