পূর্বাচলে মাংস বিক্রির উদ্দেশ্যে ৯ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১২টি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে মাংস বিক্রির উদ্দেশ্যে ৯টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে জবাই করা ঘোড়াগুলোর মাংস ও জবাইয়ের জন্য রাখা আরও ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে এই অভিযান চালানো হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কিছু অসাধু ব্যবসায়ী ওই প্লটে মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করছিল। হঠাৎ প্লটের মালিক সেখানে উপস্থিত হলে অভিযুক্তরা আতঙ্কিত হয়ে ঘোড়াগুলো রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই প্লট মালিক জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ কল দিলে র্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ৯টি জবাই করা ঘোড়া ও ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জীবিত ঘোড়াগুলোর মধ্যে একটি শাবকও রয়েছে।
ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, "ভোরে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো জবাই করছিল। প্লট মালিকের উপস্থিতিতে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।"
তিনি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি এবং থানায় কেউ কোনো লিখিত অভিযোগও করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে মৃত ঘোড়াগুলোর মাংস মাটিচাপা দেওয়া হয়েছে এবং জীবিত ঘোড়াগুলো দেখভালের জন্য যথাযথ কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে।
