খামেনিকে হত্যার নিন্দা, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, 'এই ঘটনা মধ্যপ্রাচ্যকে গভীর ও দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।'
আনোয়ার ইব্রাহিম বলেন, 'কোনো রাষ্ট্রপ্রধানকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা একটি বিপজ্জনক নজির স্থাপন করে এবং আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিমূল নীতি ও আদর্শকে দুর্বল করে।'
তিনি তেহরানকে 'সর্বোচ্চ সংযম' প্রদর্শনের এবং সব পক্ষকে 'আরও উত্তেজনা থেকে সরে আসার' আহ্বান জানান।
একইসঙ্গে আনোয়ার ইব্রাহিম জড়িত পক্ষগুলোকে 'তাৎক্ষণিক যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং অর্থবহ সংলাপের' আহ্বান জানান।
তিনি আরও যোগ করেন, 'এই সংকট শক্তি প্রয়োগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কূটনীতি, সংযম এবং রাজনৈতিক সদিচ্ছা।'
