নির্বাচন কমিশনের অনেকের মধ্যে একটি দলের দিকে হেলে পড়ার প্রবণতা দেখতে পাচ্ছি: এহসানুল মাহবুব জোবায়ের
নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের জন্য কোনোভাবেই 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত হচ্ছে না।
তিনি বলেন, 'নির্বাচন কমিশনের অনেকের মধ্যে একটি বিশেষ দলের দিকে হেলে পড়ার প্রবণতা দেখতে পাচ্ছি।'
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনি পরিবেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, 'একের পর এক আচরণবিধি ভঙ্গ হচ্ছে। প্রতিটি ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।'
সহকারী সেক্রেটারি জেনারেল প্রশাসনের একাংশের ভূমিকার সমালোচনা করে বলেন, 'অনেক রিটার্নিং অফিসার, এসপি, ওসি অনেকেই মারাত্মক পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।'
দলের নেতাদের ওপর সাইবার হামলার অভিযোগ তুলে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, 'আমরা নিয়মিত মামলা রুজু করছি। আমরা পরবর্তীতে মামলার বিস্তারিত জানাব। গত রাতেও মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আমাদের ওপর প্রতিনিয়ত সাইবার অ্যাটাক হচ্ছে। এক্ষেত্রে ইন্ডিয়ার কিছু ম্যালওয়্যার ব্যবহার করা হচ্ছে। এটা অত্যন্ত পরিকল্পিত এবং বড় আকারের ষড়যন্ত্র। এগুলোকে ব্যবহার করে একদল লোক আমাদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা ভয়ংকর কিছু করতে যাচ্ছে।'
ভিডিও ফাঁসের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে তিনি আরও বলেন, 'গতকাল ঢাকা ১৭ আসনের আমাদের প্রার্থীর একটা বডি-ওর্ন ক্যামেরার ভিডিও ফাঁস করে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে জামায়াতের অবস্থান জনগণের কাছে সবসময় স্পষ্ট।'
