প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ-জাপান চুক্তি সই
বাংলাদেশ ও জাপানের মধ্যে 'প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর' সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে হস্তান্তরিত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ওপর 'যথাযথ নিয়ন্ত্রণ' নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আজ থেকেই এই চুক্তিটি কার্যকর হয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তিটি বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরি করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষাসহ যৌথভাবে নির্ধারিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা সহজ হবে।
চুক্তিটিতে প্রতিটি সুনির্দিষ্ট হস্তান্তরের প্রক্রিয়া নির্ধারণ ও নিশ্চিত করার পদ্ধতি এবং হস্তান্তরিত সরঞ্জাম ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মৌলিক নীতিমালা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তিটি দুই দেশের মধ্যে হস্তান্তরিত সরঞ্জাম ও প্রযুক্তির ওপর যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করবে; বিশেষ করে তৃতীয় কোনো পক্ষের কাছে এসবের হস্তান্তর বা নির্ধারিত উদ্দেশ্যের বাইরে অন্য কোনো কাজে ব্যবহার রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।
জাপানের পক্ষ থেকে আরও আশা প্রকাশ করেছে যে, এই চুক্তির ফলে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও নিবিড় হবে। একইসঙ্গে এটি জাপানের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ও প্রযুক্তিগত ভিত্তি বজায় রাখতে এবং এর মানোন্নয়নে সহায়তা করবে, যা জাপানের জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা মনে করছে।
