বাবার হাত ধরে ভোট দেখতে কেন্দ্রে শিশুরাও
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসবে অংশ নিচ্ছেন ভোটাররা। অনেকেই সঙ্গে করে তাদের-শিশু সন্তানদেরও ভোটকেন্দ্রে নিয়ে আসছেন ভোটের পরিবেশ দেখানোর জন্য।
রাজধানীর ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেসরকারি চাকরিজীবী আতিকুর রহমান তার শিশু সন্তান ফাইয়াজকে নিয়ে ভোট দিতে আসেন। ভোট দেওয়ার পর টিবিএসকে তিনি বলেন, 'শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। কোনো অসুবিধা হয়নি।'
ফাইয়াজ জানায়, বাবার সঙ্গে ভোটকেন্দ্রে এসে তার ভালো লেগেছে।
এই কেন্দ্রটি ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত। এখানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির শফিকুল ইসলাম মিল্টন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা সাহাবুল ইসলাম টিবিএসকে জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৭ জন। দুপুর ১২টা পর্যন্ত ৯৮১টি ভোট কাস্ট হয়েছে। ভোটের হার প্রায় ৩৩ শতাংশ।
