তেহরান সফরের আগে পাক সেনাপ্রধানকে ট্রাম্পের ফোন, ইরানকে আলোচনায় ফেরানোর অনুরোধ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। আজ মুনির তেহরান সফরে যাওয়ার আগে এই ফোনালাপ হয় বলে পাকিস্তানের তিনটি সূত্র জানিয়েছে। এর মধ্যে একটি সূত্র বলেছে, ট্রাম্পের প্রধান অনুরোধ ছিল ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।
পাকিস্তানের দুটি সূত্র জানিয়েছে, এই ফোনালাপটি ট্রাম্পের পক্ষ থেকেই করা হয়েছিল। এর আগে এই ফোনালাপের খবর প্রকাশিত হয়নি।
মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের প্রেস সচিবের দপ্তর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। ট্রাম্প ও মুনিরের মধ্যে বিস্তারিত কী আলোচনা হয়েছে, তা স্পষ্ট নয়।
মুনির বর্তমানে তেহরানে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। পাকিস্তানের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এই সফর 'আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার অংশ'।
একজন পাকিস্তানি সূত্র জানিয়েছে, সোমবার মুনির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।
আরেকজন পাকিস্তানি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা মুনিরের এই সফরের অন্যতম প্রধান বিষয় হলেও, তিনি পাকিস্তানের মিত্র সৌদি আরবের ওপর ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের সাম্প্রতিক হামলার বিষয়টিও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে।
তৃতীয় একজন পাকিস্তানি সূত্র যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক প্রসঙ্গে বলেছেন, 'দুই পক্ষের মধ্যেই আস্থার ঘাটতি রয়েছে।'
তিনি আরও বলেন, মুনির দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থার যে ঘাটতি রয়েছে, তা কমানোর চেষ্টা করছেন।
