ট্রাম্পের সঙ্গে ফোনালাপ: আঞ্চলিক উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান সৌদি যুবরাজের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ফোনালাপে তাদের মধ্যে অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি এবং এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে কথা হয়েছে।
এসপিএর তথ্য অনুযায়ী, মোহাম্মদ বিন সালমান জোর দিয়ে বলেন, উত্তেজনা কমাতে সংলাপকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং শান্ত পরিবেশ গড়ে তুলতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নিতে হবে, যাতে কূটনৈতিক সমাধানের পথ সুগম হয়।
যুবরাজ আরও বলেন, কূটনৈতিক সমাধানের মাধ্যমে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে এবং এমন কোনো বৃহত্তর সংঘাত এড়াতে হবে, যার প্রভাব শুধু এই অঞ্চলেই নয়, আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপরও পড়তে পারে।
এসপিএ আরও জানায়, ফোনালাপে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা এবং এসব সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।
শনিবার রাতে ট্রাম্প জানান, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় সামরিক হামলা বাতিল করেছেন। তার দাবি, একটি সম্ভাব্য সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে ঐকমত্য হয়েছে।
