আলবেনিয়ায় সংরক্ষিত দ্বীপে ট্রাম্পের বিলাসবহুল রিসর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ সমর্থন দিলেন ডুয়া লিপা
আলবেনিয়ার একটি সংরক্ষিত দ্বীপে ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে বিলাসবহুল রিসর্ট বানাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার। এর বিরুদ্ধে বিক্ষোভ করছেন আলবেনিয়ার সাধারণ মানুষ। এবার তাদের সমর্থন দিলেন পপ তারকা ডুয়া লিপা।
এই সঙ্গীতশিল্পীর জন্ম লন্ডনে। তবে তার শেকড় কসোভান আলবেনিয়ায়। সম্প্রতি'সার্ভিস৯৫ বুক ক্লাব পডকাস্টে আলবেনীয় লেখক ও শিক্ষাবিদ লিয়া ইপির সঙ্গে কথা বলছিলেন তিনি। সেখানে চলমান এই আন্দোলনকে 'অনুপ্রেরণামূলক' বলে আখ্যা দিয়েছেন লিপা।
লিপা বলেন, 'মানুষ যে প্রকৃতি নিয়ে এতটা ভাবেন, সেটা দেখা সত্যিই খুব অনুপ্রেরণার। তবে একটা বিষয় আমাকে দারুণভাবে উদ্বিগ্ন করছে। কোনো রকম জনমত যাচাই ছাড়াই সরকার স্রেফ আইন বদলে পরিবেশ সুরক্ষার কবচ সরিয়ে ফেলবে—এই নীতি কিছুতেই মেনে নেওয়া যায় না।'
সাজান নামক একটি জনবসতিহীন দ্বীপে ট্রাম্প পরিবারের এই রিসর্ট তৈরির পরিকল্পনা করা হয়েছে। স্নায়ুযুদ্ধের সময় এটি পুরোপুরি নিষিদ্ধ এলাকা ছিল। এখন সেখানে ১ হাজার ৪০০ একর জমিতে এই মেগা প্রকল্পের নেতৃত্বে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারসহ একদল আন্তর্জাতিক বিনিয়োগকারী।
এ প্রকল্পে আলবেনিয়ার সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী এডি রামার সমর্থন ও রয়েছে। রাজধানী তিরানায় পার্লামেন্টের বাইরে শত শত মানুষ জড়ো হচ্ছেন তার বিরুদ্ধে বিক্ষোভ করতে। গত কয়েক সপ্তাহে রামার পদত্যাগের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।
বুনো সমুদ্রসৈকত, বিস্তীর্ণ বনভূমি ও ভিয়োসা-নার্তা লেগুন ঘিরে তৈরি হবে এ রিসর্ট। এই অঞ্চলটি প্রায় ৩ হাজার ফ্লেমিংগো পাখির আবাসস্থল। এই পাখির নামানুসারেই এ আন্দোলনের নাম রাখা হয়েছে 'ফ্লেমিংগো বিপ্লব'।
নির্মাণকাজ চালানোর সুবিধার্থে আলবেনিয়া সরকার ওই এলাকার সংরক্ষিত পরিবেশগত মর্যাদার অবনমন করেছে। এরপর থেকেই এই প্রকল্পটি দেশের অন্যতম বিতর্কিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক জীববৈচিত্র্য চুক্তির গুরুতর লঙ্ঘন।
তবে প্রধানমন্ত্রী রামা এই অস্থিরতাকে রাজনৈতিক বিরোধীদের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। গত মাসে তিনি বলেছেন, এটি একটি 'অসাধারণ' প্রকল্প; যেকোনো মূল্যে এর কাজ এগিয়ে যাবে।
সংরক্ষিত দ্বীপে এই মেগা প্রকল্পের বিশালত্ব নিয়ে ইভাঙ্কা ট্রাম্পেরও কোনো অনুশোচনা নেই। মে মাসে নিজের এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এই রিসর্টকে 'বিশাল' ও সুন্দর বলে উল্লেখ করেন। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন: 'আমাদের পাঁচ মাইল দীর্ঘ সৈকত আছে।'
ইভাঙ্কা ট্রাম্প আরও বলেন, কয়েক বছর আগে একটি বিলাসবহুল ইয়ট থেকে এই উপকূল দেখার পরেই তিনি ও তার স্বামী প্রথম এই প্রকল্পের কথা ভেবেছিলেন।
মিয়ামিভিত্তিক ব্যবসায়ী আরতুর শেহু গত এপ্রিলে ট্রাম্প-নেতৃত্বাধীন বিলিয়নিয়ার বিনিয়োগকারীদের কাছে এই উপকূলের একটি অংশ বিক্রি করে দেন। তখন তিরানায় প্রকল্পটির বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ চলছিল।
আলবেনিয়ার প্রসিকিউটররা শেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অভিযোগ রয়েছে, তিনি ইউরোপে মাদক পাচার করতেন এবং তার আবাসন ব্যবসার মাধ্যমে সেই অবৈধ অর্থ পাচার করেছেন। ট্রাম্প রিসর্টের জমির দলিলও তিনি জালিয়াতি করেছেন বলে অভিযোগ উঠেছে।
শেহু অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
প্রকল্পের সবচেয়ে কাছের গ্রাম জভারনেক-এর বাসিন্দারা এক দশকেরও বেশি সময় ধরে আদালতে শেহুর জমির মালিকানার দাবিকে চ্যালেঞ্জ করে আসছেন।
ডুয়া লিপার বাবা-মা, আনেসা ও দুকাগজিন, ১৯৯২ সালে কসোভো থেকে পালিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। সেই সময় সার্বিয়ান ও যুগোস্লাভ বাহিনী কসোভো আলবেনিয়ানদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছিল।
আলবেনীয় ভাষায় ডুয়া শব্দের অর্থ 'ভালোবাসা'। ১৯৯৫ সালে লন্ডনে তার জন্ম। পরে ২০০৬ সালে তার পরিবার কসোভোতে ফিরে যায়। এরপর মাত্র ১৫ বছর বয়সে সঙ্গীত দুনিয়ায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে ডুয়া লিপা একাই লন্ডনে ফিরে আসেন।
