পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
চীনে অনুষ্ঠিত ২০২৬ আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্পে (আইএমএসসি) দলীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইরানের জাতীয় গণিত অলিম্পিয়াড দল। এই প্রতিযোগিতায় পোল্যান্ড ও ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
চীনের বেইজিংয়ে আয়োজিত এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৪৯টি দল অংশ নেয়। মূলত এটি একটি উচ্চতর গণিত প্রশিক্ষণ ক্যাম্প হলেও এর শেষ ধাপে একটি বড় প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়ন হওয়ার পথে ইরানি শিক্ষার্থীরা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ব্যক্তিগত ইভেন্টে ৪টি স্বর্ণপদক এবং ২টি রৌপ্যপদক জয় করে।ইরানি অলিম্পিয়াড দলটি এই প্রতিযোগিতায় 'মিনাব স্কুল' নামে অংশ নেয়। মূলত ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের 'শাজারেহ তাইয়েবাহ' স্কুলের ১৬৮ জন শিক্ষার্থী ও শিক্ষক একটি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছিলেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই নাম নির্বাচন করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) ইরান ২টি স্বর্ণ, ৩টি রুপা এবং ১টি ব্রোঞ্জ পদক জিতেছিল। ২০২৬ সালের ৬৭তম আইএমও প্রতিযোগিতাটি চীনের সাংহাইতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
