হঠাৎ বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার, কোটি কোটি ব্যবহারকারীকে ভুগিয়ে ফিরল ১ ঘণ্টা পর
সাময়িক বিভ্রাট কাটিয়ে অবশেষে আবারও সচল হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
এর আগে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন কোটি কোটি ব্যবহারকারী।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে ফেসবুক বিভ্রাট দেখা দেয়।
বিভ্রাট ট্র্যাকিং সাইট 'ইজডাউন' (IsDown)-এর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫,৭০০-এরও বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছেন। সাইটটি নিশ্চিত করেছে যে, আজ দুপুর পর্যন্ত ফেসবুকের সার্ভারে সক্রিয় সমস্যা শনাক্ত করা গেছে।
ঢাকার একজন ব্যবহারকারী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সন্ধ্যা সাড়ে সাতটার পরে হঠাৎ করে দেখলাম ফেসবুক এবং মেসেঞ্জার অটো লগআউট হয়ে গেল। এরপর ফেসবুকে ঢুকে দেখি পোস্ট করা যাচ্ছে না, নতুন পোস্টও আসছে না। নতুন করে পাসওয়ার্ড দিয়েও লগইন করা যাচ্ছেনা।'
এই বিভ্রাট নির্দিষ্ট কোনো দেশে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি অভিযোগ জানাচ্ছেন। ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে লগ-ইন করতে বা নিউজ ফিড রিফ্রেশ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তবে এই বিভ্রাটের সঠিক কারণ এখনো অস্পষ্ট। কতক্ষণ পর্যন্ত এই সমস্যা স্থায়ী হতে পারে বা কখন নাগাদ পরিষেবা স্বাভাবিক হবে, সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান 'মেটা' কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
