এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
মাউন্ট এভারেস্টে টানা ছয় দিন নিখোঁজ থাকার পর অলৌকিকভাবে জীবিত ফিরে এসেছেন এক নেপালি পর্বতারোহী গাইড।
দীর্ঘ সময় কোনো সন্ধান না মেলায় তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) তিনি হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে তাকে উদ্ধার করা হয়।
দাওয়া শেরপা নামের এই অভিজ্ঞ পর্বতারোহীর বয়স ৫০-এর কোঠায়। পর্বতজয়ী এডমন্ড হিলারির নামানুসারে পর্বতারোহণ জগতে তিনি 'হিলারি' নামেই বেশি পরিচিত।
গত শনিবার (৩০ মে) এভারেস্টের সুউচ্চ অংশে চরম বৈরী আবহাওয়ার মধ্যে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বর্তমানে তিনি নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার স্ত্রী জানান, স্বামীর ফিরে আসার আশা ছেড়ে দিয়ে তিনি এমনকি তার আত্মার শান্তির জন্য প্রার্থনাও শুরু করে দিয়েছিলেন। বর্তমানে দাওয়া শেরপা শরীরে তীব্র ঠান্ডাজনিত জখম নিয়ে হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন।
বৃহস্পতিবার সকালে 'সাগরমাতা পলিউশন কন্ট্রোল কমিটি'র (এসপিসিসি) একটি দল তাকে বেস ক্যাম্পের খুব কাছে খুঁজে পায়। এই দলটি মূলত এভারেস্টের পথ তৈরি এবং বর্জ্য পরিষ্কারের কাজ করে থাকে।
উদ্ধার অভিযানের তদারকিতে থাকা '৮কে এক্সপেডিশন'-এর পেম্বা শেরপা বলেন, 'তিনি হামাগুড়ি দিয়ে নিচে নামছিলেন।'
এরপর তাকে একটি হেলিকপ্টারে করে দ্রুত কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে স্ট্রেচারে করে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ছয় দিন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের প্রতিকূল পরিবেশে টিকে থেকে তার এই ফিরে আসাকে এক অবিশ্বাস্য ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
