ট্রাম্প প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তুলসী গ্যাবার্ড। স্বামীর ক্যানসার ধরা পড়ায় তার পাশে থাকতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ফক্স নিউজ ডিজিটাল জানায়, স্থানীয় সময় শুক্রবার (২২ মে) ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান গ্যাবার্ড। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।
তবে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউস গ্যাবার্ডকে পদত্যাগে বাধ্য করেছে।
এক্স-এ প্রকাশিত পদত্যাগপত্রে ট্রাম্পের উদ্দেশে গ্যাবার্ড লেখেন, 'আমার ওপর আস্থা রাখার জন্য এবং গত দেড় বছর জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ায় আমি আপনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।'
তিনি জানান, তার স্বামীর সম্প্রতি বিরল ধরনের হাড়ের ক্যানসার শনাক্ত হয়েছে।
গ্যাবার্ড লেখেন, 'নিজের বিবেকের কাছে সৎ থেকে তাকে আমি একা এই লড়াইয়ের মুখোমুখি হতে বলতে পারি না। তাই স্বামীর পাশে থাকতে আমি এই জনসেবামূলক পদ থেকে সরে দাঁড়াচ্ছি।'
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান উপ-পরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, গ্যাবার্ড 'খুব ভালো কাজ' করেছেন। তবে তার স্বামীর হাড়ের ক্যানসার ধরা পড়ায় 'তিনি যথার্থভাবেই তার পাশে থাকতে চান।'
এর আগে ইরান ইস্যুতে গ্যাবার্ডের সঙ্গে মতপার্থক্যের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।
মার্চে তিনি বলেছিলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর প্রশ্নে গ্যাবার্ড তার তুলনায় 'কিছুটা নমনীয় অবস্থানে' ছিলেন।
২০২৬ সালের ১৯ মার্চ ওয়াশিংটনে ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির বৈশ্বিক হুমকি বিষয়ক শুনানিতে সাক্ষ্য দেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড।
