অমীমাংসিত ট্যাক্স অডিটের দায় থেকে মুক্তি পেলেন ট্রাম্প ও তার পরিবার
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের করসংক্রান্ত বিষয়ে যেকোনো চলমান অডিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার নেওয়া এই পদক্ষেপটি আসে, একদিন আগে ট্রাম্প ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে তার কর–সংক্রান্ত তথ্য বিভিন্ন গণমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের (আইআরএস) বিরুদ্ধে করা ১০ বিলিয়ন ডলারের মামলার সমঝোতায় পৌঁছানোর পর।
অন্তর্বর্তীকালীন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের স্বাক্ষর করা এক পাতার একটি নথিতে বিচার বিভাগ বলেছে, ট্রাম্প, তার পরিবারের সদস্য এবং তার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কর–সংক্রান্ত দাবিতে "মামলা করা বা অনুসরণ করা" থেকে কর্তৃপক্ষকে "চিরতরে নিষিদ্ধ ও বিরত রাখা হবে"।
বিচার বিভাগের ওয়েবসাইটে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সংবাদ বিজ্ঞপ্তি ছাড়াই প্রকাশ করা ওই নথিতে বলা হয়েছে, এই দায়মুক্তি এমন সব তদন্তের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যেগুলো "বর্তমানে চলমান অথবা ভবিষ্যতে চলমান হতে পারে"। এর মধ্যে সোমবারের সমঝোতার আগে ট্রাম্প দাখিল করা কর বিবরণী–সংক্রান্ত যেকোনো অনুসন্ধানও অন্তর্ভুক্ত থাকবে।
ডেমোক্র্যাট আইনপ্রণেতারা সঙ্গে সঙ্গে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন।
ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি এবং "নিজেদের স্বার্থসিদ্ধির" অভিযোগ তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শিফ বলেন, 'কর ফাঁকি দেওয়া প্রেসিডেন্ট টড ব্ল্যাঞ্চের সহায়তায় নিজে এবং তার পুরো পরিবারের জন্য কর–সুবিধা নিশ্চিত করেছেন।'
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসের প্রধান নীতিশাস্ত্র বিষয়ক আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা রিচার্ড পেইন্টার বলেন, ট্রাম্পকে যেকোনো কর দায় থেকে অব্যাহতি দেওয়া যুক্তরাষ্ট্রের সংবিধানবিরোধী হবে।
পেইন্টার আল জাজিরাকে বলেন, 'যদি প্রেসিডেন্ট বা তার পরিবারের কাছে আইআরএসের পাওনা অর্থ থাকে, তাহলে এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের "ডোমেস্টিক এমোলুমেন্টস ক্লজ"-এর লঙ্ঘন হবে। কারণ সেখানে স্পষ্টভাবে বলা আছে, কংগ্রেস নির্ধারিত বেতনের বাইরে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে অন্য কোনো লাভ বা সুবিধা নিতে পারবেন না।'
বিচার বিভাগ এবং ট্রাম্প অর্গানাইজেশন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
বিচার বিভাগের এই নির্দেশনা ট্রাম্পের সমঝোতা চুক্তির ব্যাপ্তিকে নাটকীয়ভাবে আরও বিস্তৃত করেছে। ওই চুক্তির আওতায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত "আইনের অপব্যবহার"-এর শিকার দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে তথাকথিত একটি "অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড" গঠন করা হয়েছে।
সমালোচকেরা এই উদ্যোগকে "গোপন তহবিল"–এর সঙ্গে তুলনা করেছেন এবং সতর্ক করে বলেছেন, এটি সম্ভবত ট্রাম্পের মিত্রদের পুরস্কৃত করার কাজে ব্যবহার করা হবে।
১৭৭ কোটি ৬০ লাখ ডলারের এই তহবিল থেকে অর্থ বণ্টনের সিদ্ধান্ত নেবে পাঁচ সদস্যের একটি কমিশন। এর মধ্যে চারজনকে সরাসরি নিয়োগ দেবেন টড ব্ল্যাঞ্চ। ব্ল্যাঞ্চ ট্রাম্পের মনোনীত ব্যক্তি এবং অতীতে তার ব্যক্তিগত আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার ডেমোক্র্যাট সিনেটরদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় ব্ল্যাঞ্চ অস্বীকার করেন যে, ট্রাম্প তাকে এই তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন বা এটি দলীয় উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
ব্ল্যাঞ্চ বলেন, 'আপনি হান্টার বাইডেন হোন কিংবা এমন অন্য কোনো ব্যক্তি, যিনি মনে করেন তিনি ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন — সবাই এই তহবিলে আবেদন করতে পারবেন।' তিনি এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় ছেলে হান্টার বাইডেনের প্রসঙ্গ উল্লেখ করেন।
