ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা বন্ধ করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার
ধর্মীয় শ্রেণিবিভাগের ভিত্তিতে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চলমান সহায়তামূলক প্রকল্পগুলো চলতি বছরের জুন থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।
সোমবার (১৮ মে) মন্ত্রিসভার বৈঠকের পর নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'ধর্মীয় শ্রেণিবিভাগের ভিত্তিতে পরিচালিত প্রকল্পগুলো বন্ধের সিদ্ধান্ত মন্ত্রিসভা অনুমোদন করেছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।'
তিনি ইঙ্গিত দেন, এ প্রকল্পের জন্য বরাদ্দ থাকা রাজ্য বাজেটের অর্থও বাতিল হতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, শিক্ষার্থীদের জন্য বিদ্যমান কোনো বৃত্তি প্রকল্প বাতিল করা হবে না।
তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় ধর্মীয় নেতাদের দেওয়া ভাতা বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সময় জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সামাজিক-অর্থনৈতিক অবস্থান উন্নয়নের উদ্দেশ্যে চালু করা হয়েছিল।
চলতি বছরের মার্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ধর্মীয় নেতাদের সম্মানী ৫০০ টাকা বাড়ানোর পর পশ্চিমবঙ্গে নিবন্ধিত মসজিদের ইমামদের মাসিক ভাতা ৩,০০০ টাকা এবং মুয়াজ্জিন ও পুরোহিতদের ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পশ্চিমবঙ্গে নারীদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর উদ্যোগ হিসেবে মন্ত্রিসভা 'অন্নপূর্ণা' প্রকল্প অনুমোদন করেছে। এ প্রকল্পের আওতায় আগামী ১ জুন থেকে নারীদের মাসে ৩,০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াতের নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের প্রস্তাবও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।
