সীমান্তে কাঁটাতারের বেড়া: বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) জমি হস্তান্তরের অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
সোমবার (১১ মে) কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গত শুক্রবার দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই অনুমোদন দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, জমি হস্তান্তরের প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে এবং আগামী ৪৫ দিনের মধ্যে তা সম্পন্ন করা হবে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সীমান্ত বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি হস্তান্তরে টালবাহানা করছে বলে বাহিনীটির পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছিল। ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ থেকে 'অনুপ্রবেশ' এবং পশ্চিমবঙ্গে 'অবৈধ' অভিবাসীদের উপস্থিতি।
সীমান্তের সিদ্ধান্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যবিমা প্রকল্প 'আয়ুষ্মান ভারত' এবং অন্যান্য বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালুর ঘোষণা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিপূর্বে এই প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছিল।
এছাড়া, মন্ত্রিসভার বৈঠকে স্কুল পর্যায়ে চাকরিপ্রার্থীদের বয়সের সময়সীমা ৫ বছর বাড়ানোর একটি প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হলো। নির্বাচনের প্রচারণায় শাহ আশ্বাস দিয়েছিলেন যে, ক্ষমতায় গেলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে।
