ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধে ব্রিটেনের অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর সমালোচনার কড়া জবাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের চাপের মুখে তিনি তার অবস্থান থেকে পিছু হটবেন না এবং ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না।
আজ বুধবার (১৫ এপ্রিল) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউজ অব কমন্স'-এ ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে স্টারমার বলেন, 'ইরান যুদ্ধ নিয়ে আমার অবস্থান শুরু থেকেই অত্যন্ত স্পষ্ট। আমরা এই যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেলতে চাচ্ছি না।'
এর আগে গত মঙ্গলবার 'স্কাই নিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমারের জ্বালানি ও অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেন যে, বর্তমানে লন্ডন ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আগে আরও অনেক ভালো ছিল। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্প বারবার স্টারমারের ওপর বিরক্তি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য এই অভিযানকে 'অবৈধ' বলে মনে করে।
পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে স্টারমার বলেন, 'এটি আমাদের যুদ্ধ নয়। আমাকে আমার অবস্থান পরিবর্তনের জন্য অনেক চাপ দেওয়া হয়েছে এবং গত রাতে যা ঘটেছে (ট্রাম্পের মন্তব্য), সেটিও সেই চাপের একটি অংশ।'
তিনি আরও বলেন, 'আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে অংশ নেওয়া আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে নয় এবং আমরা তা করব না। আমি জানি আমার অবস্থান কোথায়।'
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের করা নেতিবাচক মূল্যায়নের সঙ্গে তারা একমত নন। তিনি বলেন, 'বাণিজ্যসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিদিন আলোচনা চলছে। এটি দুই দেশের মধ্যকার কয়েক দশকের সেই বিশেষ সম্পর্কের একটি স্বাভাবিক অংশ এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
